জমে উঠেছে চাঁইয়ের বাজার

জমে উঠেছে চাঁইয়ের বাজার

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৯ জুন ২০২৩ । আপডেট ১৬:৪০

পিরোজপুরের স্বরূপকাঠিতে জমে উঠেছে মাছ ধরার ফাঁদ চাঁইয়ের হাট। খালবিল ও নদীপ্রধান এ জেলার বিভিন্ন হাটবাজারে বিক্রি হচ্ছে চাঁই। সপ্তাহে এক দিন শুক্রবার হাট বসে। বর্ষায় পানি নামার সঙ্গে সঙ্গে নিম্নাঞ্চলে পানির মধ্যে এটি রেখে দেওয়া হয়। চলাচলের সময় ছোট ছোট মাছগুলো বাঁশের তৈরি এ ফাঁদে আটকা পড়ে। এটি গ্রামাঞ্চলে মাছ ধরার খুব জনপ্রিয় একটি মাধ্যম।

শুক্রবার (৯ জুন) সকালে সরেজমিনে উপজেলার আটঘর বাজারে গিয়ে দেখা যায়, কারিগররা নিজেদের হাতে তৈরি চাঁইগুলো বিক্রির উদ্দেশ্যে সাজিয়ে রেখেছেন। ক্রেতারা সেগুলো দরদাম করে নিজেদের চাহিদা অনুযায়ী কিনে নিয়ে যাচ্ছেন। প্রতিটি চাঁই আকারভেদে ৩৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

চাঁই ব্যবসায়ী বিধান রায় বলেন, ‘এ মৌসুমে প্রতি হাটে ১৫০ থেকে ৩০০ চাঁই বিক্রি করি। দেশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতা আমার কাছে এসে চাঁই কিনে নিয়ে যায়। বর্ষার শেষ দিকে এসে এটির বিক্রি বেড়ে যায়। কারণ পানি কমার সময় চাঁইগুলো জমির আইলে বিশেষভাবে কাদায় পুঁতে রাখলে ফাঁদে ছোট ছোট মাছ আটকা পড়ে।’

চাঁই কিনতে আসা নাজিরপুর উপজেলার কলাদুনিয়া গ্রামের বাসিন্দা তাপস মজুমদার বলেন, ‘এ মৌসুমে চাঁই দিয়ে প্রতিদিন ২ থেকে ৩ কেজি মাছ ধরতাম। বিক্রি করতাম ৩০০ থেকে ৪০০ টাকায়। আমি প্রতি মৌসুমে পানি কমার সময় ৫-৬ জোড়া চাঁই কিনে নিয়ে যাই। এগুলো দিয়ে যে মাছ পাওয়া যায় তা থেকে নিজেদের চাহিদা মিটিয়ে বাকি মাছ স্থানীয় বাজারে বিক্রি করি। দেশি পদ্ধতিতে এ সময়ে মাছ ধরায় মেতে ওঠে ছোটবড় সব বয়সের মানুষ। বিশেষ করে গ্রামাঞ্চলে ছোট মাছ ধরার ধুম লেগে যায়।’

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading