সব জল্পনা উড়িয়ে বরিশালের মেয়র হলেন আবুল খায়ের আব্দুল্লাহ
উত্তরদক্ষিণ । সোমবার, ১২ জুন ২০২৩ । আপডেট ২২:৩০
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) মেয়র পদে জয়ী হয়েছেন। সোমবার (১২ জুন) অনুষ্ঠিত এই নির্বাচনে তিনি ৫৩ হাজার ভোটে হারান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতী ফয়জুল করীমকে। খোকন সেরনিয়াবাত এবার প্রথম এই নগরীর মেয়র হচ্ছেন। বরিশাল সিটির এই নির্বাচনের আগে তার মনোনয়ন ঘিরে ছিলো নানা আলোচনা।
আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা আবুল হাসানাত আবদুল্লাহর ছোট ভাই আবুল খায়ের আব্দুল্লাহ এবং সদ্য সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর ছোট চাচা। তার মনোনয়ন নিয়ে পারিবারিক দ্বন্দ্বকে পুঁজি করে অনেকেই মনে করেছিলো এবার নির্বাচনে আওয়ামী লীগের মধ্যে ভাঙ্গণ দেখা দেবে, কিন্তু সেই জল্পনা উড়িয়ে নৌকাই হেসেছে শেষ হাসি। যদিও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বারবার বলেছিলো নির্বাচন ঘিরে সবাই এক আছে।
বরিশালে ১২৬টি ভোট কেন্দ্রের সবক’টিতে ইভিএমে ভোটগ্রহণ হয়। বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষের ছয় ঘণ্টার মধ্যে নগরীর শিল্পকলা একাডেমিতে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে সমন্বিত ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবীর। আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ নৌকা প্রতীকে পেয়েছেন ৮৭ হাজার ৮০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের ফয়জুল করীম হাতপাখা প্রতীকে ভোট পেয়েছেন ৩৩ হাজার ৮২৮টি।
মেয়র পদে অন্য প্রার্থীরা হলেন- মো. ইকবাল হোসেন (জাতীয় পার্টি, লাঙ্গল-৬৬৬৫ ভোট), মো. আলী হোসেন হাওলাদার (স্বতন্ত্র, হরিণ- ২৩৮১ ভোট), মিজানুর রহমান বাচ্চু (জাকের পাটি, গোলাপফুল-২৫৪৬ ভোট), মো. আসাদুজ্জামান (স্বতন্ত্র, হাতি- ৫২৯ ভোট), মো. কামরুল আহসান (স্বতন্ত্র, টেবিল ঘড়ি- ৭৯৯৯ ভোট)। বরিশাল সিটিতে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন এবং নারী ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন। মেয়র পদে ৭ জন ছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ১১৫ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৪২ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। বিএনপিসহ অধিকাংশ দলের বর্জনের পাশাপাশি বৃষ্টির বাগড়ার মধ্যে অনুষ্ঠিত এই নির্বাচনে ৫১ দশমিক ৪৬ শতাংশ ভোটগ্রহণ হয়েছে।নির্বাচন কমিশনার আহসান হাবিব খান ভোট শেষে সাংবাদিকদের বলেন, বরিশালের একটি অনাকাক্সিক্ষত ঘটনা ছাড়া খুব সুন্দর ভোট হয়েছে।
ইউডি/এজেএস

