তৃতীয়বারের মতো খুলনার মেয়র হলেন তালুকদার আব্দুল খালেক
উত্তরদক্ষিণ । সোমবার, ১২ জুন ২০২৩ । আপডেট ২২:০০
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক। নৌকা প্রতীক নিয়ে তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৮২৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসলামী আন্দোলনের (হাতপাখা মার্কা) আব্দুল আউয়াল পেয়েছেন ৬০ হাজার ৬৪ ভোট। ৯৪ হাজার ৭৬১ ভোটের ব্যবধানে জয় লাভ করেছেন তালুকদার আব্দুল খালেক। তালুকদার আব্দুল খালেক এ নিয়ে তৃতীয়বারের মতো খুলনা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হলেন।
এবারের কেসিসি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল ছাড়াও জাতীয় পার্টির এস এম শফিকুল ইসলাম মধু (লাঙ্গল), স্বতন্ত্রপ্রার্থী এস এম শফিকুর রহমান (দেওয়াল ঘড়ি) ও জাকের পার্টির এস এম সাব্বির হোসেন (গোলাপ ফুল) প্রতিদ্বন্দ্বিতা করেন। জাতীয় পার্টির প্রার্থী মো. শফিকুল ইসলাম মধু লাঙল প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৭৮ ভোট, জাকের পার্টির এসএম সাব্বির হোসেন গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৯৬ এবং স্বতন্ত্র প্রার্থী এসএম শফিকুর রহমান টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ২১৮ ভোট।
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন বলেন, নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। কোনো কেন্দ্র বন্ধ হয়নি। কোনো কেন্দ্রে বিশৃঙ্খলা তৈরি হয়নি। প্রশাসন এবং নির্বাচন কমিশন অত্যন্ত দক্ষতার সঙ্গে সকলের সহযোগিতায় নির্বাচন পরিচালনা করেছে। আমরা কথা দিয়েছিলাম খুলনাবাসীকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিব। এই ফলাফলের মধ্য দিয়ে খুলনাবাসীর বিজয় হয়েছে।
২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক মেয়র পদে জয়লাভ করেছিলেন। ২০১৩ সালের নির্বাচনে খালেককে পরাজিত করে খুলনার মেয়র হয়েছিলেন বিএনপি সমর্থিত প্রার্থী মনিরুজ্জামান মনি। সর্বশেষ ২০১৮ সালে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী তালুকদার আব্দুল খালেক ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন।
ইউডি/এজেএস

