বন্ধুদের সঙ্গে কোথায় ঘুরতে গেলেন মিমি
উত্তরদক্ষিণ । শনিবার, ১৭ জুন ২০২৩ । আপডেট ২০:০০
কাজের ফাঁকে সুযোগ পেলেই তিনি বেরিয়ে পড়েন ঘুরতে। কখনও দেশে, কখনও আবার বিদেশে। ভ্রমণের প্রতি তার বিশেষ ভালোবাসার কথা অনেক সাক্ষাৎকারেই বলেন মিমি চক্রবর্তী। অনেক দিন হলো তাকে পর্দায় দেখেনি দর্শক। এক বছর আগে মুক্তি পেয়েছিল তার অভিনীত ‘মিনি’। ডিসেম্বরে যদিও মুক্তি পেয়েছিল ‘খেলা যখন’, তবে সে ছবিটির শুটিং অনেক দিন আগে করে রেখেছিলেন নায়িকা। এ বছর তার দুটি ছবির ঘোষণা হয়েছে।
ইতোমধ্যে একটি ছবির কাজও সেরে ফেলেছেন মিমি। হাতে তাই আপাতত নায়িকার বেশ কিছুটা সময় আছে। বিরতি পেয়েই ঘুরতে বেরিয়ে পড়লেন নায়িকা। বেড়াতে গিয়ে ছবি না দিলে ভ্রমণটাই যেন অসম্পূর্ণ থেকে যায়।
মিমির ইনস্টাগ্রামে ঢুঁ দিয়ে দেখা গেল তার ভ্রমণের কিছু কিছু টুকরো। পাহাড়ে ঘুরতে গিয়েছেন নায়িকা। তবে এবার তাকে না কাটতে হয়েছে বিমানের টিকিট, না ট্রেনের টিকিট। যারা ঘুরতে যেতে ভালবাসেন, তাদের কাছে ‘রোড ট্রিপ’ যেন আলাদাই রোমাঞ্চকর। মিমিও তার রোমাঞ্চকর যাত্রার সূচনা করলেন বন্ধুদের সঙ্গে। সেই ছবিই ভাগ করে নিলেন। গিয়েছেন বৈষ্ণোদেবী দর্শনে।
পাহাড়ের কোলে বাগানে ঘেরা তাদের হোটেল। রোদ এসে পড়েছে। তবে কলকাতা থেকে গাড়িতে চড়েই পাহাড়ে ঘুরতে গিয়েছেন অভিনেত্রী। গাছের আপেল, বেরি জমিয়ে খেয়েছেন। কাজের মাঝে এই মুহূর্তগুলো তার বাকি বছর কাটানোর অক্সিজেন।
কিছুদিন আগে ভাঙড়ের নলমুড়ি ব্লক হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন মিমি। সেই হাসপাতালে পরিচ্ছন্নতা নিয়ে একগুচ্ছ অভিযোগ জমা পড়ে সাংসদের কাছে। একদিকে সাধারণ মানুষের দায়িত্ব, অন্য দিকে অভিনয়। দুটি দিক সমান তালে সামলে চলেছেন তিনি।
ইউডি/কেএস

