বিশ্বকাপ ট্রফির বিশ্ব ভ্রমণ : মহাশূন্য থেকে শুরু, বাংলাদেশে আসবে আগস্ট ৭
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৭ জুন ২০২৩ । আপডেট ১১:০৫
আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ট্রফি মহাশূন্যে গিয়েছিল, সেখান থেকে শুরু হলো ট্রফির বিশ্ব ভ্রমণ। পৃথিবী থেকে ১ লাখ ২০ হাজার ফুট ওপরে নেওয়া হয়েছিল ট্রফিকে। তারপর বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম, ইন্ডিয়ার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নামানো হয়।
মহাকাশ ঘুরে শুরু হয়েছে বিশ্বকাপ ট্রফির ভ্রমণ। বহুল আকাঙ্ক্ষিত টুর্নামেন্টের আগে ১০ লাখ ভক্তের সংস্পর্শে যাবে এটি। পাঁচটি মহাদেশের ১৮টি দেশে ঘুরবে। ইন্ডিয়ার ২০টি শহর ঘুরে বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দেশগুলোতে যাবে। এছাড়া বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, পাপুয়া নিউগিনি, নাইজেরিয়া, উগান্ডা, ফ্রান্স, ইতালি ও আমেরিকায় ভক্ত-সমর্থকদের সামনে দেখা দেবে এটি। বাংলাদেশে আসবে ৭ আগস্ট, থাকবে ৯ আগস্ট পর্যন্ত।
আইসিসি প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস বলেছেন, বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট বিশ্বকাপ শুরুর ক্ষণগণনার গুরুত্বপূর্ণ মাইলফলক এই ট্রফি ট্যুর। এই ভ্রমণে আইকনিক ট্রফিটি বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের দেখা দেবে। ক্রিকেটে ১০০ কোটিরও বেশি ভক্ত আছে। আমরা যত বেশি সম্ভব মানুষকে এই বিখ্যাত ট্রফির সংস্পর্শে আসার সুযোগ করে দিচ্ছি, যেটা আমাদের ক্রিকেটের অনেক কিংবদন্তি উঁচিয়ে ধরেছিল।
আগামী অক্টোবর-নভেম্বরে ইন্ডিয়ায় হবে বিশ্বকাপ। তবে এখনও চূড়ান্ত সূচি প্রকাশ করেনি বিসিসিআই।
ইউডি/এজেএস

