তদন্ত করা হবে ওয়াগনারের বিরুদ্ধে: পুতিন
উত্তরদক্ষিণ । বুধবার, ২৮ জুন ২০২৩ । আপডেট ১০:২০
সম্প্রতি রাশিয়ার সামরিক নেতৃত্বে বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ওয়াগনার গোষ্ঠী। এমন ঘোষণার পর ইউক্রেন ছেড়ে মস্কো অভিমুখে অভিযান শুরু করে তারা। তবে বিদ্রোহের ২৪ ঘণ্টা না পেরোতেই বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় অভিযান বাতিল করে মিনস্কের উদ্দেশে যাত্রা শুরু করেন প্রিগোশিন।
রাশিয়ার ভাড়াটে প্রিগোশিনকে এক বছরে প্রায় ২০০ কোটি ডলার দিয়েছিল মস্কো। এই অর্থের অপব্যবহার হয়েছে কি না, তা নিয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রিগোশিনের বিদ্রোহের পর এমন কথা বললেন পুতিন। খবর রয়টার্সের।
ক্রেমলিনে রুশ সেনাদের সঙ্গে বৈঠকে পুতিন বলেছেন, তিনি সবসময়ই ওয়াগনার যোদ্ধাদের শ্রদ্ধা করেছেন। তবে যেহেতু ‘রাষ্ট্রীয় কোষাগার’ থেকে গোষ্ঠীটির সম্পূর্ণ অর্থায়ন করা হয়েছে, তাই এক্ষেত্রে তদন্ত প্রয়োজন। তিনি বলেন, আশা করি এক্ষেত্রে কেউ কিছু চুরি করেনি, অথবা সামান্য করেছে। তবে বিষয়টি নিয়ে অবশ্যই তদন্ত হবে।’
পুতিন আরও বলেছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে গত এক বছরে প্রায় ১০০ কোটি ডলার নিয়েছে ওয়াগনার গ্রুপ। এছাড়া রুশ সেনাদের কাছে কাছে খাবার সরবরাহ করতে আরও প্রায় ১০০ কোটি ডলার দেওয়া হয়েছিল তাদের। তিনি জানান, সবসময়ই ওয়াগনারকে অর্থায়ন করা হয়েছে, তবে ইউক্রেনে ‘বিশেষ অভিযান পরিচালনার’ জন্য এই অর্থের পরিমাণ আরও বাড়িয়ে দেওয়া হয়।
ইউডি/এজেএস

