বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট

উত্তরদক্ষিণ । বুধবার, ২৮ জুন ২০২৩ । আপডেট ১০:৩০

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। এর ফলে প্রায় ২৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার (২৮ জুন) ভোর রাত ৪টা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় থেকে টাঙ্গাইলের সদর উপজেলার ঘারিন্দা পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়।

মহাসড়কে যানজটের কারণে বিপাকে পড়েছেন ঘরমুখো মানুষ। বিশেষ করে যারা বাস না পেয়ে খোলা ট্রাক ও পিকআপ ভ্যানে করে বাড়ি ফিরছেন বৃষ্টির কারণে তারা বেশি বিপাকে পড়েছেন।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, মহাসড়কে পরিবহনের সংখ্যা বৃদ্ধি, সেতুর উপরে পরপর দুর্ঘটনা, গাড়ি বিকল হওয়া, দফায় দফায় টোল আদায় বন্ধ এবং চালকদের বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, বুধবার ভোরে বঙ্গবন্ধু সেতুর ওপর এক পিকআপভ্যান বিকল হয়। পিকআপটি সরাতে এক ঘণ্টার উপরে সময় লাগে। এতে ভোর রাত ৪টা ১৫ থেকে ৪টা ৫৩ পর্যন্ত টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এর আগেও কয়েক দফায় টোল আদায় বন্ধ রাখা হয়। এতে যানজট দেখা দেয় মহাসড়কে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসান গণমাধ্যমকে বলেন, সেতুর ওপর ও মহাসড়কে দুর্ঘটনার কারণে যানজট সৃষ্টি হয়েছে। এখন গাড়ি চলছে। আশা করছি অল্প সময়ের মধ্যেই সড়ক স্বাভাবিক হবে।

ইউডি/এজেএস

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading