ইউক্রেন যুদ্ধ পুতিনের নেতৃত্বের জন্য ‘ক্ষতিকর’ : সিআইএ প্রধান

ইউক্রেন যুদ্ধ পুতিনের নেতৃত্বের জন্য ‘ক্ষতিকর’ : সিআইএ প্রধান

উত্তরদক্ষিণ । রবিবার, ০২ জুলাই ২০২৩ । আপডেট ১১:০০

আমেরিকার গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) প্রধানের মতে ইউক্রেন যুদ্ধ রাশিয়ায় ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে ‘ক্ষতিকর’ প্রভাব ফেলছে।

সিআইএ’র পরিচালক উইলিয়াম জে বার্নস বলেন, ‘ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ায় অসন্তোষ সিআইএর জন্য গোয়েন্দা তথ্য সংগ্রহের নতুন সুযোগ তৈরি করছে।’

ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের বিদ্রোহের এক সপ্তাহ পরে ব্রিটেনের ডিচলে ফাউন্ডেশনে বার্ষিক বক্তৃতা দেওয়ার সময় আমেরিকার শীর্ষ গুপ্তচর এই মন্তব্য করলেন।

বার্নস বলেন, গত শনিবার (২৪ জুন) মস্কোর প্রতি প্রিগোজিনের ‘সশস্ত্র চ্যালেঞ্জ’ এর দৃশ্য দেখে সবাই ‘বিভ্রান্ত’ হয়েছিল, যখন তার ওয়াগনার বাহিনী রাশিয়ার রাজধানীর দিকে অগ্রসর হচ্ছিল।

তিনি বলেন, ‘প্রিগোজিনের কর্মকাণ্ড ছিল পুতিনের নিজ সমাজে তার নেতৃত্বের ক্ষয়কারী প্রভাবের একটি স্পষ্ট অনুস্মারক।’

সিআইএ পরিচালক বলেন, ‘শুধুমাত্র প্রিগোজিনের কর্মেই নয় বরং তার বিবৃতিতেও রাশিয়ার আক্রমণের যৌক্তিকতার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। যুদ্ধের প্রতি অসন্তোষ রাশিয়ার নেতৃত্বকে ক্রমাগতভাবে কুঁচকে দেবে।’

গোয়েন্দা তথ্য প্রদানের জন্য এজেন্ট নিয়োগে সিআইএ’র ভূমিকা উল্লেখ করে বার্নস বলেন, ‘ওই অসন্তোষ আমাদের জন্য সুযোগ তৈরি করেছে। আমরা এই সুযোগ নষ্ট হতে দিচ্ছি না।’

সিআইএ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নতুন প্রচারাভিযান শুরু করেছে। ওই প্রচারাভিযানের লক্ষ্য রাশিয়ার মানুষের কাছে পৌঁছানো।

সিআইএ’র ওই প্রচারাভিযানের মধ্যে একটি ভিডিও পোস্ট করা হয়েছে টেলিগ্রামে। এই টেলিগ্রাম রাশিয়ানরা ব্যাপকভাবে ব্যবহার করে।

টেলিগ্রামে পোস্ট করা ভিডিওতে মস্কোর নজরদারি এড়িয়ে ডার্ক ওয়েবে কীভাবে সিআইএ’র সঙ্গে যোগাযোগ করতে হবে তার নির্দেশনা প্রদান করা হয়েছে। ভিডিওটি প্রথম সপ্তাহে ২.৫ মিলিয়ন ভিউ পেয়েছে। এ ছাড়াও বার্নস এটা নিশ্চিত করেছেন যে, প্রিগোজিনের বিদ্রোহে আমেরিকার কোনো হাত ছিল না।

বার্নস এর আগে ২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত রাশিয়ায় মার্কিন রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।

তিনি বলেন, ‘পুতিন বিশ্বাস করতেন যে, ইউক্রেন ছাড়া রাশিয়া একটি বড় শক্তি হতে পারে না এবং তিনি নিজেও একজন মহান নেতা হতে পারেন না। এই মর্মান্তিক এবং নৃশংস যুদ্ধ ইতিমধ্যে রাশিয়ার জন্য লজ্জা বয়ে এনেছে এবং এর দুর্বলতা প্রকাশ করেছে।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading