ইন্ডিয়ার সর্বোচ্চ পারিশ্রমিক পান বিজয়
উত্তরদক্ষিণ । সোমবার, ০৩ জুলাই ২০২৩ । আপডেট ১৪:২০
গত এক দশকে ইন্ডিয়ার দক্ষিণাঞ্চলের সিনেমাগুলো বেশ পোক্ত অবস্থান করে নিয়েছে। তামিল, তেলেগু ও মালয়ালম ভাষার সেসব সিনেমার গল্প আর নির্মাণশৈলী বাজিমাত করছে একের পর এক। এমন নয় যে, অতীতে এসব ইন্ডাস্ট্রি সফল ছিল না। তবে আগে এখানকার সিনেমার জনপ্রিয়তা ও বাজার ছিল দক্ষিণ ইন্ডিয়ার। এখন সেটা পুরো ভারত, দক্ষিণ এশিয়া- এমনকি অন্যান্য দেশেও উল্লেখযোগ্য পরিচিতি লাভ করেছে।
সাউথ ইন্ডিয়ান সিনেমার এই উত্থান যাদের হাত ধরে হয়েছে, যেসব তারকা নিজেদের ছড়িয়ে দিয়েছেন আন্তর্জাতিক পরিমণ্ডলে, তাদের মধ্যে একজন বিজয়। সিনে দুনিয়ায় তাকে বলা হয় থালাপতি বিজয়। ‘থালাপতি’ অর্থ নেতা। অর্থাৎ বিজয়কে এ প্রজন্মের পথপ্রদর্শক বললেও ভুল বলা হবে না। তিনি তামিল সিনেমার সর্বোচ্চ সম্মানী পাওয়া অভিনেতা হিসেবেও পরিচিত।
তবে এখন শুধু তামিলের নয়, ভারতের অভিনয়শিল্পীদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শিল্পী তিনি। মুক্তির অপেক্ষায় আছে এ অভিনেতার নতুন সিনেমা লিও। শোনা যাচ্ছে, এতে অভিনয়ের জন্য ২শ কোটি রুপি পারিশ্রমিক হাঁকিয়েছেন এ অভিনেতা। যদিও ভারতীয় একটি গণমাধ্যম এই তথ্যের সত্যতা এখনও নিশ্চিত করতে পারেনি। এর আগে আল্লু অর্জুন, প্রভাষ, মহেশ বাবুর মতো অভিনেতাদের পারিশ্রমিক চোখে ভিরমি খাইয়ে দিয়েছিল ভক্তদের। সিনেমাপ্রতি তার পারিশ্রমিক নিয়ে থাকেন ১৫০ কোটি রুপির মতো। তবে থালাপতি বিজয় এবার সবাইকে ছাড়িয়ে গেলেন। কারণ বলিউডের সুপারস্টার শাহরুখ খান, সালমান খান, আমির খানের মতো অভিনেতারা সাধারণত সিনেমার লাভের অঙ্কের একটি অংশ নিয়ে থাকেন।
সে জন্য তাদের পারিশ্রমিকের অঙ্ক তেমন একটা বড় হয় না। তাই বলা যেতে পারে, থালাপতি বিজয়ের পারিশ্রমিক এখন ভারতের যেকোনো অভিনয়শিল্পীর চাইতে বেশি।
গত ২২ জুন ৪৯ বছর পূর্ণ করলেন দক্ষিণী সিনোমর এ জনপ্রিয় তারকা। জন্মদিনের শুভক্ষণে তার নতুন সিনেমার পোস্টার প্রকাশিত হওয়ায় বেশ খুশি তিনি। লোকেশ কনগরাজের সিনেমা ‘লিও’র লুক পোস্টার মুক্তি পেল। বিজয়ের অনুরাগীদের বিপুল সাড়া পেল এ পোস্টার।
এমনিতেই বিজয়ের ফ্যান-ফলোয়ার বিপুল। তার ওপর অভিনেতার জন্মদিনের মধ্যরাতে তার নতুন সিনেমা ‘লিও’র নির্মাতারা প্রকাশ করেন পোস্টার। অভিনেতার অনুরাগীদের জন্য এ সারপ্রাইজের থেকে কম নাকি! পোস্টারে দেখা যাচ্ছে বিজয় থালাপতির হাতে বিশাল হাতুড়ি, যার থেকে ঝরছে রক্ত। মারমুখী বিজয়ের এ পোস্টার এখন ট্রেন্ডিং সোশ্যাল মিডিয়ায়।
‘লিও’ সিনেমার মাধ্যমে দ্বিতীয়বার একসঙ্গে কাজ করবেন থালাপতি বিজয় ও লোকেশ কনগরাজ। এর আগে তাদের প্রথম কাজ ‘মাস্টার’। এ সিনেমায় দেখা যাবে তৃষা, সঞ্জয় দত্ত, অর্জুন, প্রিয়া আনন্দ, গৌতম বাসুদেব মেনন, মনসুর আলি খান, স্যান্ডি ও মিসকিনকে অভিনয় করতে।
ললিত কুমারের ‘সেভেন স্ক্রিন স্টুডিও’ প্রযোজিত এ সিনেমার সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর। এ নিয়ে লোকেশের সঙ্গে তৃতীয় সিনেমাতে কাজ করলেন অনিরুদ্ধ। এর আগে তারা একসঙ্গে ‘মাস্টার’ ও ‘বিক্রম’ সিনেমায় কাজ করেছেন।
জানা গেছে, এখনও শুটিং চলছে ‘লিও’র। ২০২৩ সালের অক্টোবর মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা এ সিনেমার। সাম্প্রতিক খবর অনুযায়ী, শুধু ভারতের বিভিন্ন মুখ্য ভাষাতেই নয়, এ সিনেমা বিভিন্ন বিদেশি ভাষাতেও মুক্তি পাবে ওটিটি প্রিমিয়ারের সময়। শোনা যাচ্ছে, এ সিনেমা জার্মান ও অন্যান্য বিদেশি ভাষায় মুক্তি পাবে নেটফ্লিক্সের মাধ্যমে।
ইউডি/কেএস

