চকবাজার পুনরুজ্জীবিত করতে চাই: তাপস
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০২৩ । আপডেট ১৫:২০
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ঢাকার স্থাপনকালে চকবাজার ছিল ফিন্যান্সিয়াল হাব। কিন্তু সুপরিকল্পিত নগরায়ন না হওয়ায় চকবাজার তার জৌলুস হারিয়েছে। কার্যক্রমও ম্লান হয়ে গেছে ধীরে ধীরে। মতিঝিলও তার জৌলুস হারিয়েছে। দক্ষিণ সিটির উদ্যোগে মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর মাধ্যমে চকবাজার পুনরুজ্জীবিত করতে চাই। আমরা চাই এটা ব্যবসায়িক প্রাণকেন্দ্র হিসেবে আবার মাথা উঁচু করে দাঁড়াবে। মতিঝিলকেও আমরা পুনরুজ্জীবিত করতে চাই।
বৃহস্পতিবার (৬ জুলাই) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) মিলনায়তনে আয়োজিত ২ সপ্তাহব্যাপী (৬-২০ জুলাই) ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন কার্যক্রম উদ্বোধনে এসব কথা বলেন তিনি।
তাপস বলেন, আমাদের মহাপরিকল্পনা বাস্তবায়নে এ বছরই কার্যক্রমে যাব। এছাড়া স্মার্ট বাংলাদেশের যে রূপকল্প, তার আলোকে কামরাঙ্গীরচরকে একটি সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টে রূপান্তরিত করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য পাঁচ বছর মেয়াদী ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন কার্যক্রম উদ্বোধন করেন মেয়র।
ডিএসসিসি মেয়র বলেন, ব্যবসায়ী সমাজের দাবি ছিল ব্যবসা সহজীকরণের। বাণিজ্য অনুমতি (ট্রেড লাইসেন্স) প্রত্যেক বছর নবায়ন করতে হয়। বিষয়টি অনেক সময় তাদের মনে থাকে না। অথবা দেখা যায়- বছরের শেষ প্রান্তে এসে করতে হয়। আইন অনুযায়ী বিষয়টিকে সহজ করতে ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে আমরা প্রথমবারের মতো ৫ বছর মেয়াদী ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নের কার্যক্রম শুরু করলাম। এখন যেকোনো ব্যবসায়ী বাণিজ্য অনুমতি নেওয়ার পরে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত নবায়ন সুবিধা গ্রহণ করতে পারবে।
ডিসিসিআই সভাপতি ব্যারিস্টার মো. সমীর সাত্তার বলেন, আজকে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এটি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মধ্যকার একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। এই এমওইউ স্বাক্ষরের মাধ্যমে এখানে স্থাপিত বুথটি একটি ‘ওয়ান স্টপ সার্ভিস’ পয়েন্ট হিসেবে কাজ করবে। এ ধরনের উদ্যোগ পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের একটি অনন্য উদাহরণ। এর মাধ্যমে ব্যবসা সহজীকরণ প্রচেষ্টা শক্তিশালী হলো।
ডিসিসিআইয়ের সদস্যরা প্রাতিষ্ঠানিকভাবে ডিসিসিআই ভবনে স্থাপিত দক্ষিণ সিটির বুথ থেকে ৫ বছর মেয়াদী ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নের এই সুবিধা গ্রহণ করতে পারবেন। এছাড়াও করপোরেশনের আওতাধীন যেকোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নিজ নিজ অঞ্চল থেকে এই সেবা গ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠান শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাথে ডিসিসিআইয়ের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান এবং ডিসিসিআইয়ের সেক্রেটারি জেনারেল আনসারুল আরিফিন নিজ নিজ পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এ সময় অন্যদের মধ্যে করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক ও ডিসিসিআইয়ের বোর্ড অব ডাইরেক্টরসের নেতারা উপস্থিত ছিলেন।
ইউডি/কেএস

