কলকাতার সিনেমায় শরিফুল রাজ
উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৭ জুলাই ২০২৩ । আপডেট ১৬:১০
অভিনেতা শরিফুল রাজ। স্ত্রী পরীমনির সঙ্গে ঝামেলার পর থেকে অনেকটাই ফুরফুরে মেজাজে আছেন তিনি। বিচ্ছেদ না হলেও একসঙ্গে আর থাকছেন না তারা। সেই সুবাধে বন্ধুদের নিয়ে রাজ গত মাসের শেষদিকে ভারতের মেঘালয়ে ঘুরতে যান। সেখান থেকেই নাম প্রকাশে অনিচ্ছুক রাজের ঘনিষ্ঠ একজন নতুন সংবাদ দিলেন।
কলকাতার সিনেমায় প্রথমবারের মতো নাম লেখাতে যাচ্ছেন তিনি। এ বিষয়ে রাজের সফরসঙ্গী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ভারতের চেরাপুঞ্জি থেকে তাদের সফর শুরু হয়। এর পর সিনেমাটির বিষয়ে কথা বলতে তারা কলকাতায় আসেন। কাজের বিষয়ে কথা শেষ করে রাজরা ভারতের গোয়াতে ঘুরতে যান। এখন সেখানেই আছেন। সবকিছু ঠিকঠাক থাকলে এ বছরেই সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে বলেও নিশ্চিত করেন রাজের ভ্রমণসঙ্গী।
এ সিনেমাটি কে পরিচালনা করবেন, সে তথ্য এখনও জানা যায়নি। মেলেনি নায়িকা ও অন্য শিল্পীদের খবরও। এদিকে রাজ ছুটিতে থাকলেও পরীমনিকে হাসপাতালে হাজিরা দিতে হচ্ছে ছেলে রাজ্যকে নিয়ে। ছেলে অসুস্থ বেশ কিছুদিন ধরে। ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও শরিফুল রাজ। মাত্র সাত দিনের পরিচয়ে বিয়ে করেছিলেন তারা।
২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন। একই দিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। একই বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।
এবারের ঈদে রাজের ‘ইনফিনিটি ২’ ওয়েব সিরিজ মুক্তি পায়। সিরিজের প্রথম কিস্তি মুক্তি পেয়েছিল ২০২০ সালে। সেই গল্পের শেষ থেকেই এবার শুরু হবে ‘ইনফিনিটি সিজন ২’-এর গল্প। ম্যাক্স রাহমানের চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন মেহেদি হাসিব।
সিরিজটিতে শরিফুল রাজ ছাড়াও অভিনয় করেছেন আব্দুন নূর সজল, মুমতাহিনা চৌধুরী টয়া, সাঞ্জু জন, শিবলি নোমান, মুরাদ পারভেজ, শিশুশিল্পী লুবাবাসহ অনেকেই। বিশেষ দুটি চরিত্রে কাজ করেছেন এসএন জনি ও সামিয়া অথৈ।
ইউডি/কেএস

