হিরো আলমের ওপর হামলা: ১২ দূতাবাসের নিন্দা
উত্তরদক্ষিণ । বুধবার, ১৯ জুলাই ২০২৩ । আপডেট ১৬:৪৫
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ঢাকার পশ্চিমা ১২ দেশের দূতাবাস।
বুধবার (১৯ জুলাই) এক যৌথ বিবৃতিতে দূতাবাসগুলো এই নিন্দা জানান।
বিবৃতিতে বলা হয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনও স্থান নেই। এ সময় ঘটনার পূর্ণ তদন্ত ও দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে তারা। আসন্ন নির্বাচনে যারা জড়িত থাকবেন, তারা যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করেন।
বিবৃতিতে স্বাক্ষরকারী দূতাবাস ও হাইকমিশনগুলো হলো আমেরিকা, ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ডেনমার্ক, নেদারল্যান্ডস, ইতালি, স্পেন, নরওয়ে, সুইজারল্যান্ড, সুইডেন এবং ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন।
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে বিজয়ী মোহাম্মদ আলী আরাফাত বলেন, নির্বাচন শেষ হবার মাত্র ২০ মিনিট আগে যা ঘটল তা অনাকাঙ্ক্ষিত, আমি এর তীব্র নিন্দা জানাই।
তিনি আরও বলেন, যারা মারামারি করল, তারা আর যাই হোক নৌকার শুভাকাঙ্ক্ষী হতে পারে না। নির্বাচনকে বিতর্কিত করার উদ্দেশ্য নিয়েই এই ঘটনা ঘটানো হয়েছে।
তিনি দোষীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান।
উল্লেখ্য, গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমকে বনানীতে ভোটকেন্দ্র থেকে বের হওয়ার সময় শারীরিকভাবে ‘লাঞ্ছিত’ করা হয়।
তার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ইউডি/কেএস

