৮ বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা

৮ বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা

উত্তরদক্ষিণ । রবিবার, ২০ আগস্ট ২০২৩ । আপডেট ১৪:৪০

দেশের আট বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

রবিবার (২০ আগস্ট) সকাল ৯টায় আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, ভারতের ঝাড়খন্ড ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা এলাকায় অবস্থানরত লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে মৌসুমি অক্ষের সাথে মিলিত হয়েছে। মৌসুমি লঘুচাপের বর্ধিতাংশের অক্ষ রাজস্থান, মধ্য প্রদেশ, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

তিনি আরও জানান, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে সর্বোচ্চ ২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গতকাল সন্ধ্যায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙামাটিতে ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading