যেদিন মনোনয়ন দাখিল হয়েছে সেদিনই নির্বাচন হয়ে গেছে : মঈন খান

যেদিন মনোনয়ন দাখিল হয়েছে সেদিনই নির্বাচন হয়ে গেছে : মঈন খান

উত্তরদক্ষিণ । বুধবার, ০৩ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৬:১৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, যেদিন মনোনয়ন দাখিল হয়েছে সেদিনই তো নির্বাচন হয়ে গেছে। তাই বাংলাদেশে দ্বাদশ সংসদ কোনো গুরুত্ব বহন করে না। বুধবার (০৩ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কর্তৃক আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

ড. আব্দুল মঈন খান বলেন, বাংলাদেশের মানুষ নির্বাচন বর্জন করেছে; কারণ এ দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয় না। জনগণের ইচ্ছার কোনো প্রতিফলন হয় না। আওয়ামী লীগের উদ্দেশ্য; কিভাবে দিনের ভোট রাতে করবে অথবা ভুয়া সাজানো একটি নির্বাচন করবে। এছাড়া সেই নির্বাচনের মাধ্যমে ভুয়া একটি ফলাফল তৈরি করে তাদের ইচ্ছামতো একটি সরকার গঠন করবে। মঈন খান বলেন, একদলীয় বাকশাল সরকার গঠন করবে সেই উদ্দেশ্যই তারা এই নির্বাচনের নামে একটা নাটক তৈরি করছে। ইতোমধ্যেই প্রত্যেকটা দেশ বলে দিয়েছে বাংলাদেশের যে নির্বাচন হচ্ছে এটা কোনো নির্বাচন নয়।

বিএনপির এই নেতা বলেন, প্রহসনের নির্বাচনের মাধ্যমে এই সরকার তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায়। তারা ক্ষমতার মাধ্যমে মেঘা দুর্নীতি করে অবৈধ সংসদ গঠন করবে। বিগত ১৫ বছরে এই সরকার ঋণের পরিমাণ ১০০ বিলিয়ন ডলারের উন্নীত করেছে। এই দায় দায়িত্ব চাপিয়ে দিয়েছে বাংলাদেশের খেটে খাওয়া মানুষের ওপর। এই টাকা তারা লোপাট করে বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করেছে। বাংলাদেশের মানুষ আজ থেকে ৫২ বছর আগে মুক্তিযুদ্ধ করে এই দেশে স্বাধীন করেছিল। আমরা বলেছিলাম একটি স্বাধীন দেশ চাই যে দেশে থাকবে গণতন্ত্র গরিব মানুষের স্বাধীনতা। পাকিস্তানের বাইশটি পরিবার সমস্ত সম্পদ কুক্ষিগত করে নিয়েছিল আজ এই আওয়ামী সরকার তাই করছে। সেই ২২ পরিবারের পরিবর্তে তাদের আত্মীয়-স্বজন মিলে ২২০টি পরিবার তৈরি করেছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সহ-সভাপতি খলিলুর রহমান ইব্রাহিমের নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, জাতীয়তাবাদী কৃষকদলের সহ-সভাপতি আবুল বাশার আকন, জামাল উদ্দিন খান মিলন, যুগ্ম সম্পাদক ফেরদাউস পাটোয়ারী, কৃষিবিদ মিজানুর রহমান লিটু প্রমুখ।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading