বিএনপি-জামায়াত মানবরূপী অগ্নিসন্ত্রাসী, এদের পরাজিত করতে ভোটকেন্দ্রে আসুন: বাহাউদ্দিন নাছিম
উত্তরদক্ষিণ । বুধবার, ০৩ জানুয়ারি, ২০২৪, আপডেট ২০:৫৫
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি-জামায়াত মানবরূপী অগ্নিসন্ত্রাসী। এরা দুর্বিনীত দানব। এদের পরাজিত করতে না পারলে দেশকে ধ্বংস করে ফেলবে। এরা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়। এরা দেশের ১৬ কোটি মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে। এদের পরাজিত করতে ৭ জানুয়ারি আপনারা ভোটকেন্দ্রে আসুন। বুধবার (০৩ জানুয়ারি) সিদ্ধেশ্বরী খেলার মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা গত ১৫ বছর বাংলাদেশকে পাল্টে দিয়েছেন ও বদলে দিয়েছেন। এটি তিনি তার সাহসের জন্যই পেরেছেন। তিনি তার দৃঢ়তা ও সততার মাধ্যমে সব বাধাকে জয় করেছেন। দেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছেন এবং সেটি পূরণের পরিকল্পনা নিয়ে পূরণ করে দেখিয়েছেন। বঙ্গবন্ধু কন্যাকে আমাদের সমর্থন করে পুনরায় নির্বাচিত করতে হবে। আমাদের তার চিন্তা, চেতনা, সততা দক্ষতা দেখে তাকে ভোট দিতে হবে। তিনি আমাদের বাতিঘর। তিনি বলেন, আওয়ামী লীগ চায় শেখ হাসিনার নেতৃত্বে একটি স্মার্ট বাংলাদেশ। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের সবাইকে এক হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে। দুর্নীতিবাজদের দিয়ে দেশ চলতে পারে না। তাদের আমরা কোনো ছাড় দিব না। তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। ইনশাআল্লাহ আমরা আমাদের দেওয়া কথা অতীতেও রেখেছি সামনেও রাখবো।
তিনি আরও বলেন, আপনাদের প্রত্যাশা হল এ এলাকার কিছু সমস্যা রয়েছে সেগুলো দূর করা। এই এলাকায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানে যাতে শিক্ষার পরিবেশ সুস্থ থাকে, দুর্নীতিমুক্ত শিক্ষা গ্রহণ যাতে গড়ে ওঠে, এলাকায় চাঁদাবাজ, ধান্দাবাজ ও সন্ত্রাসী কর্মকাণ্ড যাতে না হয় তা নিশ্চিত করব। আমি নির্বাচিত হলে আপনাদের সঙ্গে সামাজিক আন্দোলন গড়ে তুলব। আমরা কাউকে ভবিষ্যৎ প্রজন্মের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দেব না।
ইউডি/এজেএস

