এ নির্বাচন জনগণের বিরুদ্ধে আওয়ামী লীগের বাকশালী অবস্থান: ১২ দলীয় জোট
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৪ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৫:১০
দেশবাসীকে একদলীয় সরকারেরে আওয়ামী লীগ মনোনীত ভাড়াটিয়া এমপি প্রার্থীদের ভোট দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা বলেছেন, এ নির্বাচন জনগণের বিরুদ্ধে আওয়ামী লীগের বাকশালী অবস্থান। কারণ এ ‘ডামি নির্বাচন’ সংসদে জনগণের প্রতিনিধিত্ব করবে না। বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) বিজয়নগর পানির ট্যাংক, পল্টন, প্রেসক্লাব এলাকায় শেখ হাসিনা পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও অসহযোগ আন্দোলন সফল করার লক্ষ্যে ১২ দলীয় জোট আয়োজিত গণসংযোগ ও পদযাত্রা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা এসব কথা বলেন।
জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী খান আব্বাস জনগণকে ভোট কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকার ভোটের নামে নাটক মঞ্চত্ব করতে চলেছে। এ নির্বাচন দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না বরং দেশকে ধ্বংস করবে। তাই আসুন সবাই মিলে নির্বাচন বর্জন করি। ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহসভাপতি রাশেদ প্রধান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোটের আগে ওমরাহ আর মাজার জিয়ারত করে বাংলার মুসলিম ভোটারদের সন্তুষ্ট করতে চায়। অপরদিকে প্রাথমিক বিদ্যালয়ের ইসলামিক শিক্ষা বইয়ে হিন্দু দেব-দেবীর ছবি দিয়ে দিল্লির দাদা-বাবুদের সন্তুষ্ট করতে চায়। নির্বাচনী নাটক আর প্রচারণার নাটক মঞ্চস্থ করা বন্ধ করুন। ৭ তারিখ দেশে কোনো ভোট হবে না।
নেতারা বলেন, ৭ তারিখের ডামি নির্বাচনে জাতীয় পার্টি আওয়ামী লীগের, তৃণমূল বিএনপি প্রার্থী আওয়ামী লীগের, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের। জনগণের পকেটের টাকায় মামা আর ভাগিনার লুটপাটের মেলা সাজানো হয়েছে। আসুন সবাই ৭ তারিখ ভোট বর্জন করি। শেখ হাসিনাকে না বলি। ১২ দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, এ নির্বাচনে জনগণ ও দেশের জন্য মহাবিপদ ডেকে আনবে। তবে ৭ তারিখ আওয়ামী লীগের মনোনীত ডামি প্রার্থীদের ভোট দিতে জনগণ ভোট কেন্দ্রে যাবে না। শুধু মাত্র আগামী ৭ তারিখ সরকারের পক্ষ থেকে নতুন অবৈধ এমপিদের নাম ঘোষণা করার আনুষ্ঠানিকতা হবে। আসুন আমরা সবাই ৭ তারিখ বর্জন করি। শেখ হাসিনার পতনের আন্দোলনে ঐক্যবদ্ধ হই।
ইউডি/এজেএস

