নারায়ণগঞ্জে প্রধানমন্ত্রীর জনসভায় মানুষের ঢল
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৪ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৬:০০
দীর্ঘ প্রায় ১৫ বছর পর নারায়ণগঞ্জ শহরে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্ধারিত সময়ের আগেই নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন। দীর্ঘদিন পর প্রধানমন্ত্রীর আগমনে উচ্ছ্বসিত তৃণমূল থেকে শুরু করে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর এই জনসমাবেশকে নিয়ে বেশ উজ্জীবিত দলটির নেতাকর্মীরা।
সেই সঙ্গে সমাবেশস্থলসহ আশপাশের এলাকা স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেছেন। বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হওয়ার পাশাপাশি সরকারের উন্নয়ন সম্বলিত বিভিন্ন স্লোগানে মাতিয়ে তুলেছেন নেতাকর্মীরা।
এ জনসভাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। তারা সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কাজ করছেন। নারায়ণগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামী লীগের প্রার্থী একেএম শামীম ওসমানসহ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পুরো নারায়ণগঞ্জ শহরে এখন সাজ সাজ রব। দলীয় সভাপতি শেখ হাসিনাকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন নেতাকর্মী, সমর্থকরা।
ইউডি/এজেএস

