‘হাসিনা মারে ভোট দিছি, ভালো লাগিছে’

‘হাসিনা মারে ভোট দিছি, ভালো লাগিছে’

উত্তরদক্ষিণ । রবিবার, ০৭ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৭:০০

ছেলের কোলে চড়ে ভোট দিয়েছেন খুলনার তেরখাদা আজগড়া গ্রামের শতবর্ষী বৃদ্ধা টুকু বিবি। বার্ধক্যজনিত কারণে বাইরে বের হতে পারেন না। পারেন না নিজের পায়ে চলাফেরা করতে। রোববার (৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে ছেলে রশিদ বিশ্বাসের কোলে চড়ে খুলনা-৪ আসনের তেরখাদা উপজলোর ১নং আর বি আজগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি।

ভোট দিয়ে আপ্লুত শতবর্ষী টুকু বিবি বলেন, ‘ভোট দিছি, ভোট দিয়ে ভালো লাগিছে। আমার মারে ভোট দিছি, হাসিনা মারে ভোট দিছি। মারে ভোট দিছি, কষ্ট হবে কেন। টুকু বিবির ছেলে রশিদ বিশ্বাস বলেন, বার্ধক্যজনিত কারণে মা অসুস্থ তাই তাকে কোলে নিয়ে ভোট দেওয়াতে নিয়ে এসেছি। মা তো অসুস্থ, মার তো ভোট দিতেই হবে। ভোটের পরিবেশ খুব সুন্দর। তিনি বলেন, আমাদের ৯ জন ভোটার। মা আর আমরা দুই ভাই ভোট দিয়েছি, বাকি ছয়টা ভোট দিতে পাঠাবো।

রূপসা-তেরখাদা-দিঘলিয়া নিয়ে গঠিত খুলনা-৪ আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সালাম মুর্শেদী (নৌকা), স্বতন্ত্র প্রার্থী এসএম মোর্ত্তজা রশিদী দারা, জাতীয় পার্টির মো. ফরহাদ আহমেদ (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. মোস্তাফিজুর রহমান (আম), তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান (সোনালী আঁশ), বাংলাদেশ কংগ্রেসের মনিরা সুলতানা (ডাব), ইসলামী ঐক্যজোটের রিয়াজ উদ্দীন খান (মিনার), বিএনএম প্রার্থী এস এম আজমল হোসেন (নোঙর), স্বতন্ত্র প্রার্থী মো. জুয়েল রানা (ট্রাক), স্বতন্ত্র প্রার্থী এমডি এহসানুল হক (সোফা), স্বতন্ত্র প্রার্থী এইচএম রওশন জামির (কাঁচি) ও স্বতন্ত্র প্রার্থী মো. রেজভী আলম (ঈগল)।

সারাদেশের মতো খুলনার ছয়টি আসনে আজ সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। শীত ও কুয়াশার কারণে সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে বাড়তে শুরু করে ভোটার উপস্থিতি। নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। এবারের নির্বাচনে খুলনার ৬টি আসনে ১১টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৯ প্রার্থী। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ১০ জন। এর মধ্যে নারী প্রার্থী মাত্র দুইজন।

এবারের নির্বাচনে খুলনার ৬টি আসনে মোট ভোটার ১৯ লাখ ৯৯ হাজার ৮৮২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৮৪ জন এবং নারী ভোটার ৯ লাখ ৯৯ হাজার ৭৯৮ জন। ভোটগ্রহণ শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে।

ইউডি/সিফাত

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading