পঞ্চগড়ের ২ আসনে নৌকার জয়
উত্তরদক্ষিণ । সোমবার, ০৮ জানুয়ারি, ২০২৪, আপডেট ১২:১৫
পঞ্চগড়ের দু’টি আসনে নৌকার প্রার্থীরা জয়ী হয়েছেন। সোমবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ খবর পাওয়া গেছে।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, পঞ্চগড়-১ আসনে নাঈমুজ্জামান ভুঁইয়া ও পঞ্চগড়-২ আসনে অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তারা দু’জনেই নৌকার প্রার্থী।
পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নাঈমুজ্জামান ভুঁইয়া মুক্তা এক লাখ ২৪ হাজার ৭৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট পেয়েছেন ৫৭ হাজার ২১০ ভোট।
পঞ্চগড়-১ আসনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ ৩৭ হাজার ২২ জন। এ নির্বাচনী অঞ্চলের ১৫৬টি ভোটকেন্দ্রে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
অপরদিকে পঞ্চগড়-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এক লাখ ৮১ হাজার ৭২৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাপা সমর্থিত প্রার্থী লূৎফর রহমান রিপন পেয়েছেন সাত হাজার ৬২৭ ভোট।
পঞ্চগড়-২ আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৮৯ হাজার ৯৪১ জন। ১৩১টি ভোটকেন্দ্রের মাধ্যমে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
ইউডি/কেএস

