ফের ঢাকাই সিনেমায় ঋতুপর্ণা
উত্তরদক্ষিণ । শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪, আপডেট ১২:৩০
ব্ছর না ঘুরতেই কলকাতার বাংলা সিনেমার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ফের ঢাকাই সিনেমায় অভিনয় করতে চলছেন। হিন্দুস্তান টাইমস বাংলা বলছে, বাংলাদেশে এই অভিনেত্রীর নতুন সিনেমার নাম ‘বাঙালি বিলাস’। শিগগিরই শুটিংয়ের কাজে ঢাকায় আসছেন ঋতুপর্ণা। সিনেমাটি প্রযোজনা করছেন এবাদুর রহমান, পরিচালকও তিনি। ঋতুপর্ণা সেনগুপ্ত ছাড়া এই ছবিতে আর কোন অভিনেতা-অভিনেত্রীদের দেখা যাবে সেটা জানাননি নির্মাতা।
ঢাকার সিনেমায় ঋতুপর্ণার উপস্থিতি নতুন নয়। ১৯৯৭ সালে ‘স্বামী কেন আসামী’ দিয়ে ঢালিউডে পা রেখেছিলেন ঋতুপর্ণা। এরপর কতবার বাংলাদেশে এসেছেন,তার হিসাবও রাখেননি তিনি। এরপর গত দুই দশকের বিভিন্ন সময়ে ‘মেয়েরাও মানুষ’, ‘রাঙা বউ’, ‘দেশ দরদী’, ‘অগ্নিবীণা’সহ বিভিন্ন সিনেমায় কাজ করেছেন তিনি।
গত বছর বাংলাদেশ-ইন্ডিয়ার যৌথ প্রযোজনায় ‘স্পর্শ’ সিনেমা করেন ঋতুপর্ণ। এই সিনেমায় তার সঙ্গে জুটি বাঁধেন ঢাকার চিত্রনায়ক নিরব হোসেন। যৌথভাবে এটি পরিচালনা করছেন বাংলাদেশের অনন্য মামুন ও কলকাতার অভিনন্দন দত্ত। সে সময় শুটিং করতে ঢাকায় এসে সাংবাদিকদের ঋতুপর্ণা বলেছিলেন, বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির মানুষ এবং দর্শকদের কাছ থেকে তিনি যে ভালোবাসা পেয়েছেন সেটি মনে রাখবার মত।
দেশের ইলিয়াস কাঞ্চন, ফেরদৌস আহমেদ, আমিন খান, রিয়াজ, আরিফিন শুভসহ অনেক নায়কের বিপরীতে অভিনয় করেছেন ঋতুপর্ণা। এবারে শুটিংয়ের জন্য ঋতুপর্ণা ঢাকায় থাকছেন দুমাস। সিনেমায় কাজ ও থাকার জন্য বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমতিও পেয়েছেন তিনি।
ইউডি/এজেএস

