কূটনৈতিক সংকটের কোনো সম্ভাবনা নেই : আইনমন্ত্রী
উত্তরদক্ষিণ । সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৪:০০
কূটনৈতিক সংকটের কোনো সম্ভাবনা দেখছেন না আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার (২২ জানুয়ারি) সচিবালয়ে ইন্ডিয়ার হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানান।
নির্বাচন ঘিরে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে যে মতপার্থক্য বা সংকট তৈরি হয়েছিল, তা কি এখনো বিদ্যমান এমন এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আমি সংকট বলবো না। আপনাদের মনে একটা দুশ্চিন্তা ছিল একটা কূটনৈতিক সংকট হতে পারে। কিন্তু নির্বাচনের পরে আপনারাও দেখেছেন সেই রকম কোনো সম্ভাবনাই নেই।
হাইকমিশনারের সঙ্গে বৈঠক ইস্যুতে আইনমন্ত্রী বলেন, আজ বিশেষ একটি বিষয়ে আলাপ করেছি। সেটা হলো ইন্ডিয়ার ভূপালে একটা ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি আছে, সেখানে আমাদের ১২০৬ জুডিশিয়াল অফিসার ট্রেনিং নিচ্ছেন। আরও প্রায় দুই হাজার ট্রেনিং নেবেন।
তিনি আরও বলেন, আমরা দেশে একটা ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি করতে যাচ্ছি। সেখানে ইন্ডিয়ার অভিজ্ঞতা আমাদের প্রয়োজন হবে। এসব বিষয় নিয়ে আলাপ-আলোচনা করেছি। আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।
নিরাপত্তা বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, আজকে সে বিষয়ে কোনো আলোচনা হয়নি।
ইডিডি/এআর

