বিএনপিকে ৫ বছর বোকার মতো হাসতে হবে: রাজ্জাক
উত্তরদক্ষিণ । শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৬:৩০
এবারের নির্বাচন বর্জন করার মাশুল বিএনপিকে গুনতে হবে বলে মনে করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক। তিনি বলেন, বোকারা ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে, হাসে। আমি মনে করি আগামী পাঁচ বছর বিএনপিকে বোকার মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে হাসতে হবে।
শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে রাজধানী গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউতে অনুষ্ঠিত শান্তি ও গণতন্ত্র সমাবেশের দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুর রাজ্জাক বলেন, কালো পতাকা কাকে দেখাবে? তাদের উচিত ছিল, যারা ব্যর্থ কর্মসূচি দিয়েছে তাদের কালো পতাকা দেখিয়ে তৃণমূল নেতাদের নেতৃত্বে নিয়ে আসা। বিএনপিকে আগামী পাঁচ বছর নীরব দর্শকের ভূমিকা পালন করতে হবে। বোকারা ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে, বোকার মতো হাসে। আমি মনে করি আগামী পাঁচ বছর বোকার মতো ফ্যালফ্যাল করে আপনাদের হাসতে হবে।
সাবেক এই মন্ত্রী বলেন, নির্বাচন বানচালের জন্য এমন কোনো হীন কাজ নেই তারা (বিএনপি) করেনি। সকল ষড়যন্ত্র, বিদেশি ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমরা শান্তিপূর্ণ নির্বাচন করেছি। আজকে আমাদের আন্দদের দিন, পঞ্চমবারের মতো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব গ্রহণ করেছেন। শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে আবার সরকার এসেছে, এতে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ইতিহাস বিকৃত করেন, ইতিহাসকে কলঙ্কিত করেন, রাজনীতিতে টিকে থাকতে চান। আপনাদের প্রথম দায়িত্ব হবে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে এটা জাতির সামনে বলতে হবে। অতীতের ভুল আপনাদের জাতির সামনে স্বীকার করতে হবে। আইনের শাসনের বাংলাদেশে আপনাদের আসতে হবে।
আব্দুর রাজ্জাক বলেন, আগুন সন্ত্রাসের নামে বাড়িঘরে আগুন দেন, নির্বাচনের সময় ভোটকেন্দ্রে আগুন দেন, পুলিশ হত্যা করেন, সাংবাদিকদের হত্যা করতে চান। সন্ত্রাস করে এই বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না।
আমরা ফেরেশতা নই, আমরা ভুলভ্রান্তি করতে পারি, সে ভুলভ্রান্তি আপনারা তুলে ধরতে পারেন মন্তব্য করে তিনি বলেন, বিএনপি ভেবেছিল মুক্তিযুদ্ধের সময়ের সপ্তম নৌবহর না আসুক একটা গানবুট তো আসবে। কিন্তু স্যাংশনের বদলে তারা ফুল নিয়ে এসেছে। এটাই আমাদের সাফল্য।
আন্তর্জাতিক বিশ্ব এই সরকারকে সমর্থন জানাচ্ছে জানিয়ে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য কামরুল ইসলাম বলেন, বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ করার প্রত্যয় নিয়ে শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন। বিএনপি নির্বাচনে না এসে, বন্ধ করার চেষ্টা করে, মানুষ পুড়িয়ে মেরে যে অপরাধ করেছে সে অপরাধের বোধ তাদের হবে। তারা তাদের ভুল স্বীকার করে রাজনীতি থেকে বিদায় নেবে না হয় জনগণের কাছে ভুল স্বীকার করে আবার রাজনীতিতে আসবে।
কামরুল বলেন, আগামী পাঁচ বছর অপেক্ষা করতে হবে আরেকটি নির্বাচনের জন্য। ততদিন আপনাদের মনোবল থাকবে কি না জানি না। কিন্তু নতুন উদ্দীপনা নিয়ে অগ্রসর হন। আগুন সন্ত্রাস করলে আইন তার নিজস্ব গতিতে চলবে, আপনাদের সমুচিত জবাব দেবে। আমরা যেভাবে মাঠে ছিলাম তেমনিভাবে মাঠে থাকব। জনগণকে সাথে নিয়ে আমরা সবাই শেখ হাসিনার সাথে আছি। এই সন্ত্রাসী শক্তির বিরুদ্ধে আমাদের প্রতিরোধ থাকবে রাজনীতিতে থেকে তাদের বিতাড়িত না করার পর্যন্ত আমরা ঘরে ফিরব না, মাঠে থাকব।
ইডিডি/এআর

