সরকার আন্তর্জাতিক মহলে বিশ্বাসযোগ্যতা নষ্ট করেছে: মান্না

সরকার আন্তর্জাতিক মহলে বিশ্বাসযোগ্যতা নষ্ট করেছে: মান্না

উত্তরদক্ষিণ । রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৪:৪৫

ডামি নির্বাচনের মাধ্যমে সরকার আন্তর্জাতিক মহলে নিজেদের বিশ্বাসযোগ্যতা নষ্ট করেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রবিবার (২৮ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ঐক্য আয়োজিত ‘ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং এখন’ শীর্ষক সেমিনারে এ মন্তব্য করেন তিনি।

মান্না বলেন, সারা বিশ্ব জানে মানুষ ভোট দিতে যায়নি। বলা যায় আমরা রাজনৈতিকভাবে পরাজিত হইনি। কিন্তু আমরা যে জিতেছি তাও তো বলার অবকাশ নেই। কারণ আমরা সরকার হটাতে পারিনি। আমরা যেরকম নির্বাচন চাইছিলাম সেরকম নির্বাচন নিতে পারিনি। এই অবস্থাটাকে কি বলা যায়? আমরাও জিতিনি, তারাও জিতেনি।

তিনি আরও বলেন, এবারের আন্দোলনে সরকারি দল এবং বিরোধী দলের বাইরেও তৃতীয় আরেকটি পক্ষ যুক্ত হয়েছে, সেটা হলো আন্তর্জাতিক মহল। অতীতে আন্তর্জাতিক মহলের এই ধরনের ইনভলবমেন্ট আমরা দেখিনি। কিন্তু বছর দুই থেকেই পশ্চিমা গণতান্ত্রিক মহল বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার বন্ধুপ্রতিম ইউরোপীয় ইউনিয়ন, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা এমনভাবে কথাবার্তা বলেছে এবং বার বার বাংলাদেশ সফর করেছে যাতে করে দেশের মানুষ মনে করেছে তারা একটা বিরাট ভূমিকা পালন করবে।

মান্না বলেন, ডামি নির্বাচন করতে গিয়ে সরকার নিজেদের রাজনৈতিক চরিত্র ধ্বংস করেছে, সংগঠন বিধ্বস্ত হয়েছে, আন্তর্জাতিক মহলে তাদের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়েছে। তিনি আরও বলেন, যতই বানিয়ে বানিয়ে তাদের নির্বাচনের প্রতি বিশ্ব সমর্থন দেখাবার চেষ্টা করছে তারা কিন্তু সবার কাছে এটা স্পষ্ট যে, পশ্চিমা বিশ্ব এই নির্বাচনকে গ্রহণ করেনি। বলা যেতেই পারে ৭ জানুয়ারির আগে আর পরে পরিস্থিতির এমন কোনো পরিবর্তন হয়নি।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading