জিএম কাদের বিরোধী দলীয় নেতা, আনিসুল ইসলাম উপনেতা

জিএম কাদের বিরোধী দলীয় নেতা, আনিসুল ইসলাম উপনেতা

উত্তরদক্ষিণ । রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৮:৪০

দ্বাদশ সংসদে বিরোধী দল কারা হবে সেই আলোচনার মধ্যে জাতীয় পার্টির নেতা জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা এবং আনিসুল ইসলাম মাহমুদকে উপনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

রোববার (২৮ জানুয়ারী ) সংসদ সচিবালয়ের এক প্রজ্ঞাপনে এ খবর জানানো হয়।

স্পিকারের এ স্বীকৃতিতে দলগতভাবে ১১ আসন নিয়ে দ্বাদশ সংসদে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে বিরোধী দল হচ্ছে জাতীয় পার্টি।

জাতীয় পার্টির দলীয় রাজনীতি নিয়ে এদিন নাটকীয়তার মধ্যে স্পিকারের এ সিদ্ধান্ত এল।

রোববার দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণার পাশাপাশি জি এম কাদের ও মুজিবুল হক চুন্নুকে অব্যাহিত দেওয়ার ঘোষণা দেন।

এরপর দুপুরে বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসে চুন্নু তা আমলে না নেওয়ার কথা বলেন।

বিকালে সংসদে বিরোধী দলের নেতা ও উপনেতার বিষয়ে সংসদ সচিবালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, সংসদে সরকারি দলের বিরোধীতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত ক্ষেত্রমত দল বা অধিসঙ্ঘের নেতা রংপুর-৩ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদেরকে (জিএম কাদের) সংসদে কাযপ্রণালী বিধি অনুযায়ী বিরোধী দলীয় নেতা ও চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী দলীয় উপনেতা হিসেবে স্পিকার স্বীকৃতি দিয়েছেন।

এর আগে গত ১৮ জানুয়ারি জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠকে এ সংক্রান্ত দলীয় সিদ্ধান্ত অনুমোদন করে দলটি। এরপর তা স্পিকারের অনুমোদনের জন্য পাঠানো হয়।

৭ জানুয়ারি অনুষ্ঠিত ভোটে আওয়ামী লীগ ২২৩টি আসন পেয়েছে। দলগতভাবে দ্বিতীয় সর্বোচ্চ ১১টি আসন পায় জাতীয় পার্টি। এছাড়া জাসদ ১টি, ওয়ার্কার্স পার্টি ১ টি, কল্যাণ পার্টি ১টি ও স্বতন্ত্ররা ৬২টি আসন পেয়েছে।

নতুন এমপিরা ইতোমধ্যে শপথ নিয়েছেন। ৩০ জানুয়ারি দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনে বসবেন তারা।

সংসদে বিরোধী দলীয় নেতা মন্ত্রী এবং উপনেতা প্রতিমন্ত্রীর মর্যাদা পান। বিরোধী দলীয় নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) অধ্যাদেশে তাদের সুযোগ সুবিধা নির্ধারণ করা রয়েছে। সংসদ ভবনে বিরোধী দলীয় নেতা ও উপনেতার পৃথক কার্যালয়ও রয়েছে।

সবশেষ একাদশ সংসদে জাপার তৎকালীন চেয়ারম্যন হুসেইন মুহাম্মদ এরশাদ বিরোধীদলীয় নেতা ও জি এম কাদের রিরোধীদলীয় উপনেতা ছিলেন।

ইডিডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading