মাঝারি শৈত্যপ্রবাহে কাবু পঞ্চগড়ের মানুষ

মাঝারি শৈত্যপ্রবাহে কাবু পঞ্চগড়ের মানুষ

উত্তরদক্ষিণ । সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪, আপডেট ১০:৪৫

টানা শৈত্যপ্রবাহে কাঁপছে পুরো পঞ্চগড় জেলা। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত এখানকার জনজীবন।

সোমবার (২৯ জানুয়ারি) সকাল ৯টায় আবহাওয়া অফিস জানিয়েছে, পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৮ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে গতকাল রবিবার সকাল ৯টায় ছিল ৫.০ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তাপমাত্রা ছিল ৭.২ ডিগ্রি সেলসিয়াস। জেলার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেল শাহ্ বিষয়টি নিশ্চিত করেন।

টানা শৈত্যপ্রবাহে জবুথবু হয়ে পড়েছে পঞ্চগড়ের মানুষ। সন্ধ্যার পর থেকেই বাড়ছে শীতের তীব্রতা। কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। সন্ধ্যার পরে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ। ছিন্নমূল আর গ্রামীণ মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ।

মাঠে কৃষিকাজ প্রায় হচ্ছেই না। কনকনে শীতের তীব্রতা থেকে বাঁচতে অনেকেই বাড়ির আঙিনা ও ফুটপাতসহ চায়ের দোকানের চুলায় বসে আগুন পোহাচ্ছেন। ঘন কুয়াশা ও উত্তরের হিমেল বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। মাঘের এই শীতের তীব্রতায় নাকাল হয়েছে সাধারণ মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ।

শহরের রৌশনাবাগ এলাকার রাজমিস্ত্রি আক্তার হোসেন বলেন, রাত থেকে প্রচণ্ড শীত আর ঠান্ডা বাতাস বইছে। সকালে কাজ করা মুশকিল হয়ে পড়েছে। তীব্র ঠান্ডায় হাত একদম বরফ হয়ে যাচ্ছে। কাজ না করতে পারলে কী খাবো। তাই পরিবারের কথা ভেবে কাজ করতে হবে।

উপজেলা সদরের ভ্যানচালক রফিকুল ইসলাম বলেন, সকালে ভ্যান নিয়ে বরে হওয়া কঠিন হয়ে দাড়িয়েছে। উত্তরের কনকনে হিমেল বাতাসের কারণে খুব শীত লাগছে। ভ্যান চালানো যাচ্ছে না।

অপরদিকে, তীব্র শীত ও টানা শৈত্যপ্রবাহের কারণে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। একটানা শীতের কারণে মানুষ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে বেশি। বিশেষ করে শিশু এবং বয়স্করা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেল শাহ্ জানান, জেলায় বর্তমানে তীব্র শৈত্যপ্রবাহ থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। সোমবার (২৯ জানুয়ারি) সকাল ৯টায় তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর তিন ঘন্টা আগে ভোর ৬টায় একই তাপমাত্রা (মানে ৬.৮ ডিগ্রি সেলসিয়াস) রেকর্ড করা হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading