পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, তীব্র ঠান্ডা
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪, আপডেট ১১:০০
গত দু’দিন থেকে পঞ্চগড়ে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও কুয়াশা এবং শৈত্যপ্রবাহে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। জেলায় কয়েক দিন ধরে তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠা-নামা করছে। সে কারণেই বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি ) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে সকাল ৬টায় একই তাপমাত্রা রেকর্ড করা হয়।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ঢাকা মেইলকে এ বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়রা জানায়, উত্তর হিমালয় থেকে বয়ে আসা হিমশীতল বাতাসে রাতভর কনকনে শীত অনুভূত হচ্ছে। প্রচণ্ড শীতের কারণে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। এছাড়াও দিনের বেলা হালকা রোদের দেখা মিললেও শীতের তীব্রতা কমেনি। সারা দিন ঠান্ডা আবহাওয়ায় বিকেলে শীতের তীব্রতা আরও বৃদ্ধি পায়। এরপরও এ জনপদে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে প্রয়োজনের তুলনায় অনেক কম। তীব্র শীতের কারণে রাতে কাঁথা-কম্বল ছাড়া ঘুমানো কষ্টকর হয়ে পড়েছে বলে জানায় পঞ্চগড়বাসী।
এদিকে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন রোগীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর হাসপাতালে চিকিৎসা নিতে আসা বেশিরভাগই শিশু ও বৃদ্ধ রোগী। শীতে যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন – তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, কয়েক দিন ধরে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে পঞ্চগড়ে। আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সেখানে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমার শঙ্কা রয়েছে।
ইউডি/কেএস

