অস্বাভাবিকভাবে সরকার বদলের চক্রান্ত ব্যর্থ হয়েছে : ইনু
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ২১:২০
সব ষড়যন্ত্র ব্যর্থ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সাংবিধানিক অগ্রযাত্রা সমুন্নত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।
শুক্রবার (০২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলিস্তানের কর্নেল তাহের মিলনায়তনে জাসদের সহযোগী সংগঠন জাতীয় যুব জোটের জাতীয় কমিটির সভাপূর্ব ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ইনু বলেন, অস্বাভাবিকভাবে সরকার বদলের সব চক্রান্ত ব্যর্থ হয়েছে। গত ৭ জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সংসদ বাংলাদেশের সাংবিধানিক ধারাকে সমুন্নত রেখেছে।
বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলো এবার সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে জানিয়ে জাসদ সভাপতি বলেন, সরকার পরিবর্তনের জন্য দেশে এক রকমের যুদ্ধ পরিস্থিতি তৈরি করা হয়েছিল।
সে যুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে নির্বাচিত সরকার সংসদ গঠন করেছে। তবে নির্বাচনের আগে পাঁচ বছর যাবৎ যারা ষড়যন্ত্র করছিল তারা হাল ছেড়ে দেয়নি, এবার সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে।
নিত্যপণ্যের বাজার এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পরামর্শ দিয়ে ইনু বলেন, বাংলাদেশের অর্থনীতি সংকটের মধ্য দিয়ে এগোচ্ছে।
মূল্যস্ফীতি এখনো নিয়ন্ত্রণের বাইরে, জ্বালানি সংকট রয়েছে। এসবই নতুন সরকারকে মোকাবেলা করতে হবে। নির্বাচন উত্তর পরিস্থিতিতে বিএনপি-জামায়াত এসব কাজে লাগিয়ে আবারও অস্থিতিশীলতা তৈরির চষ্টো করছে।
বিএনপিকে সাংবিধানিক ধারায় ফিরে আসার আহ্বান জানিয়ে ১৪ দলের এ নেতা বলেন, আস্বাভাবিকভাবে ক্ষমতায় আসার চিন্তা বাদ দিন।
বরং সাংবিধানিক ধারায় ফিরে আসুন, গণতান্ত্রিক ধারায় ফিরে আসুন। বিদেশি শক্তির সহায়তায় সরকার উত্খাতের খেলা আর বাংলাদেশে চলবে না।
এ ছাড়া ভাষা শহীদদের স্মরণ করে যুব সমাজকে দেশের সংস্কৃতি রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান হাসানুল হক ইনু।
তিনি বলেন, ভাষার সাম্প্রদায়িকীকরণ করার চেষ্টা চলছে। ভাষায় ধর্মীয় লেবাস লাগানোর চষ্টো হচ্ছে।
ধর্মীয় অজুহাতে বাংলা ভাষার শব্দ পরিবর্তনের দাবি—এটাকে বলে সাম্প্রদায়িক অপসংস্কৃতি।
ইডিডি/এআর

