ইইউ দেশগুলো অবৈধ বাংলাদেশি রাখতে চায় না : অর্থমন্ত্রী
উত্তরদক্ষিণ । সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১৬:০০
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, ইউরোপীয় ইউনিয়নে যারা যাবেন কিংবা বসবাস করতে চান, বৈধভাবে যদি সেখানে বসবাস করার সুযোগ থাকে, তাহলে ইউরোপ তাদের গ্রহণ করবে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-ভুক্ত দেশগুলো কোনো বাংলাদেশিকে অবৈধ অভিবাসী হিসেবে রাখতে চায় না।
সোমবার (০৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। এর আগে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে কথা বলেন অর্থমন্ত্রী।
ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্কের বিবরণ দিতে গিয়ে মন্ত্রী বলেন, মঙ্গোলিয়ায় একটা কনফারেন্স হয়েছিল। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে অনেক অবৈধ অভিবাসী আছেন, তাদের নিয়ে সেখানে আলোচনা হয়েছে। তাদের পররাষ্ট্র বিষয়ক কর্মকর্তাকে আমি বলেছিলাম যে, আমরা এটার সমাধান করতে চাই। আমরা চাই না- আমাদের কোনো লোক ইউরোপীয় ইউনিয়নে বেআইনিভাবে থাকুক।
অর্থমন্ত্রী আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নে যারা যাবেন, কিংবা বাস করতে চান, বৈধভাবে যদি সেখানে বাস করার সুযোগ থাকে- তাহলে ইউরোপ তাদের গ্রহণ করবে। আর না হলে আমরা এটা নিয়ে আলোচনা করবো। তিনি বলেন, এতে (অবৈধভাবে থাকলে) তো কোনো মানসম্মান থাকবে না। অভিবাসীরা কাজও করতে পারবে না ঠিকমতো। কাজেই তাদেরকে একটা কাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে। বাংলাদেশীরা ইউরোপে অবৈধভাবে বাস করুক, সেটা আমরাও চাই না- তা তারা বুঝে গেছেন।
অর্থমন্ত্রী বলেন, আমরা তাদের জন্য কোনো সমস্যাই তৈরি করতে চাই না। তারা একটা কথা বলল যে- ইতালি থেকে বছরে এক বিলিয়ন মার্কিন ডলার এসেছে। এটা তাদের তথ্য। আমি তাতে খুশি হলাম। তারা বলেছেন, ইতালিতে বাংলাদেশীদের অনেক চাহিদা। বাংলাদেশীরা সেখানে খুব ভালোভাবে কাজ করে- এটা ইতালীয়রা দেখেছেন।
ইউডি/এজেএস

