শাহরুখ খান কি সত্যিই ঢাকায় আসছেন?
উত্তরদক্ষিণ । সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১৭:৪৫
বলিউড কিং শাহরুখ খান আবারও ঢাকায় আসছেন বলে গুঞ্জন উঠেছে। আসলেই কি তিনি বাংলাদেশে আসছেন? ১৪ বছর আগে ২০১০ সালে শাহরুখ খানকে বাংলাদেশে এনেছিলেন ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম অন্তর শোবিজ’র কর্ণধার স্বপন চৌধুরী। এবারও তিনি শাহরুখকে নিয়ে আসার ব্যাপারে আশা ব্যক্ত করেছেন।
ফের তিনি এই মেগা তারকাকে একটি সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করছেন। তিনি বলেন, হ্যাঁ, আমি শাহরুখ খানকে আনতে চাই। আমি এর প্ল্যান করছি। তবে আপাতত আমি আমার সিনেমায় মনোনিবেশ করছি। তবে আপাতত স্বপন তার পরবর্তী সিনেমা ‘অপারেশন জ্যাকপট’ নিয়েই বেশি মনোযোগী। সংবাদমাধ্যম অনুযায়ী, স্বপন বলেন, তিনি সবচেয়ে বেশি যা পছন্দ করেন, তার আসন্ন সিনেমায় তিনি তা করে দেখাতে পারবেন; তা হলো চ্যালেঞ্জ মোকাবিলা।
শাহরুখ খান কবে ঢাকায় আসতে পারেন তার সম্ভাব্য তারিখ সম্পর্কে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, আমি এখনও কিছু চূড়ান্ত করিনি। হ্যা, আমি আবার তাকে আনতে চাই। আমি তাকে আগেও একবার এনেছিলাম, তাই আবারও এটা করতে পারি। তবে শাহরুখ খানের তরফ থেকে এ বিষয়ে কোনো বিবৃতি বা বক্তব্যেই নিশ্চিত করা যায়নি। এর আগেও বাংলাদেশে একাধিক তারকার আগমনের খবরে বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল।
ইউডি/এজেএস

