সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন: দ্বিতীয় দিনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন৫২২ জন
উত্তরদক্ষিণ । বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১৮:৪৫
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র বিক্রির দ্বিতীয় দিন বুধবার (০৭ ফেব্রুয়ারি ) ৫২২ জন ফরম কিনেছেন। এতে দলটির আয় হয়েছে ২ কোটি ৬১ লাখ টাকা। প্রথম দিন ফরম বিক্রি হয় ৮১০টি, আয় হয় ৪ কোটি টাকা ৫ লাখ টাকা। ফলে দুই দিনে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন এক হাজার ৩৩২ জন। এতে দলটির আয় হয়েছে ৬ কোটি ৬৬ লাখ টাকা। বুধবার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন বিক্রি শেষে এসব তথ্য জানান, দলটির দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
তিনি জানান, দ্বিতীয় দিন মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ৫২২টি। এর মধ্যে ঢাকা বিভাগে ১৬৭টি, ময়মনসিংহে ৪৭টি, সিলেটে ২২টি, চট্টগ্রামে ৭৮টি, রংপুরে ৬০টি, রাজশাহীতে ৪৫টি, খুলনায় ৬৮টি, বরিশালে বিভাগের ৩৬ জন ফরম কিনেছেন। বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়ার কার্যক্রম। দুই দিনে ফরম সংগ্রহকারীদের মধ্যে আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের সাবেক নেত্রীসহ সহ অন্যান্য সংগঠনের পদধারীরা রয়েছেন। এই তালিকায় মন্ত্রী-এমপিদের স্ত্রী, আইনজীবী, অভিনেত্রী, এনজিও কর্মকর্তা, হিজড়াসহ বিভিন্ন পেশার নারীরা আছেন।
মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিন শেষে আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান জানান, প্রথম দিন ফরম সংগ্রহ করেছেন ৮১০ জন। এতে আয় হয়েছে ৪ কোটি টাকা ৫ লাখ টাকা। ৮১০টি ফরমের মধ্যে ঢাকা বিভাগ ২৭৫টি, ময়মনসিংহ ৬২টি, সিলেট ২৬টি, চট্টগ্রাম বিভাগ ১৪৯টি, রংপুর ৭৫টি, রাজশাহী ৯০টি, খুলনা ৭৭টি এবং বরিশালে ৫৬টি রয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে স্থাপিত প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে মনোনয়ন ফরম বিক্রি করা হচ্ছে। দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়ন ফরম মিলছে। আর সব বিভাগের মনোনয়ন ফরম জমা নেওয়া হচ্ছে কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায়। এবার সংরক্ষিত আসনে আওয়ামী লীগের প্রতিটি মনোনয়ন ফরমের মূল্য ধরা হয়েছে ৫০ হাজার টাকা, যা একাদশ জাতীয় সংসদের ক্ষেত্রে ছিল ৩০ হাজার টাকা। ফলে গতবারের চেয়ে প্রায় দ্বিগুণ করা হয়েছে দ্বাদশ জাতীয় সংসদের ক্ষেত্রে।
ইউডি/এজেএস

