প্রবীণদের জন্য ডে কেয়ার হবে: সমাজকল্যাণমন্ত্রী
উত্তরদক্ষিণ । শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১৯:১০
প্রবীণদের জন্য ডে কেয়ার সেন্টার করা হবে। সেখানে বিনোদনের ব্যবস্থা, খেলাধুলা, শরীর চর্চা, ফিজিওথেরাপি ও চিকিৎসার ব্যবস্থাও থাকবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি।
শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) চাঁদপুর আল আমিন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে ইতোমধ্যে প্রবীণদের জন্য ১৩টি শান্তি নিবাস তৈরি হয়েছে। আরও তৈরি হবে। একই সঙ্গে প্রবীণদের জন্য ডে কেয়ার সেন্টার হবে।
এটি পাইলট বেসিসে প্রথমে একটি শুরু হবে। সেটির সাফল্য দেখে তারপর আমরা আরও প্রয়োজন হলে করব।
মন্ত্রী বলেন, আমাদের প্রত্যেকের বাড়িতেই যে মা-বাবা আছেন, দিনের বেলায় একা থাকার বদলে তাদের সমবয়সী যারা আছেন তাদের সঙ্গে একটি জায়গায় থাকবেন।
সেখানে বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা থাকবে, খেলাধুলার ব্যবস্থা থাকবে, শরীর চর্চার ব্যবস্থা থাকবে, নানা রকম ফিজিওথেরাপি ও চিকিৎসার ব্যবস্থা থাকবে।
তিনি তার সমবয়সীদের সাথে একটি সুন্দর সময় কাটানোর পর আবার সন্ধ্যাবেলা তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, প্রশাসনিক, সামাজিক ও স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা।
ইডিডি/এআর

