৫৫ বছর ইমামতি শেষে ইমামের রাজকীয় বিদায়

৫৫ বছর ইমামতি শেষে ইমামের রাজকীয় বিদায়

উত্তরদক্ষিণ । শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ০৭:০০

৫৫ বছর ইমামতি শেষে রাজকীয়ভাবে ইমামকে বিদায় দিয়েছেন মুসল্লিরা। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট বাজার জামে মসজিদের ইমাম ক্বারী শাহার উদ্দীনকে (৭৫) ফুলেল শুভেচ্ছা জানান মুসল্লি ও এলাকাবাসী।

ইমাম ক্বারী শাহার উদ্দীন চাকলাহাট ইউনিয়নের কিত্তিনিয়াপাড়া গ্রামের মৃত তফির উদ্দীনের ছেলে।

বিদায় অনুষ্ঠান ঘিরে আয়োজকরা একটি প্রাইভেট কারকে হরেক রকমের ফুল দিয়ে সুসজ্জিত করেন। পরে মুসল্লিরা ইমাম ক্বারী শাহার উদ্দীনকে ফুলের মালা পরিয়ে ত্রিশ হাজার টাকার চেক ও বিভিন্ন উপহার সামগ্রী হাতে তুলে দেন। পরে তাকে ফুল সুসজ্জিত প্রাইভেট কারে বসিয়ে মোটরসাইকেল বহর নিয়ে রাজকীয় সম্মানে পৌঁছে দেন বাড়িতে।

এমন বিদায়ী সংবর্ধনা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ক্বারী শাহার উদ্দীন। তিনি বলেন, জীবনের দীর্ঘসময় যাদের ইমামতি করেছি তাদের এমন আয়োজনে খুবই মুগ্ধ হয়েছি। এ জন্য সবার কাছে দোয়া চাচ্ছি। আমিও দোয়া করবো সবাইকে মহান আল্লাহপাক ভালো রাখুন।

জানা যায়, ক্বারী শাহার উদ্দীন চাকলাহাট বাজার জামে মসজিদে টানা ২৭ বছর ইমামতি করেন। তিনি এর আগে এলাকার তিনটি মসজিদে ২৮ বছর ইমামতি করেছেন। দীর্ঘদিন ইমামতি শেষে বার্ধক্যের কারণে অবসর নিয়েছেন। অবসরে যাওয়ায় এলাকাবাসী ও মসজিদের মুসল্লিরা বিশেষ সম্মান জানিয়ে দিলেন রাজকীয় বিদায়।

মুসল্লি কামরুজ্জামান বুলেট বলেন, হুজুর মসজিদে ইমামতির পাশাপাশি এলাকার সন্তানদের ইসলাম শিক্ষা দিয়েছেন। আজ হুজুর চলে যাওয়ায় আমরা সবাই কষ্ট পাচ্ছি। হুজুরকে এক নজর দেখতে বাড়ির সবাই রাস্তার পাশে হাজির হন।

চাকলাহাট বাজার জামে মসজিদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জফির উদ্দীন বলেন, বিদায় মানেই বেদনার। আজকের দিনটি আমাদের জন্য বেদনার। কেননা আমরা আমাদের আত্মার আত্মীয়কে বিদায় দিচ্ছি, যিনি দীর্ঘ ৫৫ বছর আমাদের দ্বিনি শিক্ষায় আলোকিত করেছেন। আমরা তার কাছে কৃতজ্ঞ।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading