অনেক উন্নয়নমূলক কাজ করছে সেনাবাহিনী: সেনাপ্রধান
উত্তরদক্ষিণ । রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ২০:৪৫
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, সেনাবাহিনীর মূল দায়িত্ব হলো দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। এর বাইরেও সেনাবাহিনী অনেক উন্নয়নমূলক কাজ করে আসছে। ইন এইড টু সিভিল পাওয়ার-এর আওতায় বিভিন্ন দুর্যোগ মোকাবিলায়ও সেনাবাহিনী কাজ করে থাকে।
রবিবার কক্সবাজারের রামু ১০ পদাতিক ডিভিশন এবং কক্সবাজার এরিয়া পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনী সম্মান ও মর্যাদার সাথে কাজ করছে জানিয়ে এ সময় সেনাপ্রধান বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা জাতিসংঘে এক নম্বর সৈন্য প্রেরণকারী দেশ হিসেবে কাজ করছি।
পরিদর্শনকালে তিনি কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত রেস্ট হাউজ ‘জলতরঙ্গ’-এর বর্ধিতাংশ প্রকল্প, রামু সেনানিবাসে সেনা পরিবার কল্যাণ সমিতি এবং সৈনিক ক্লাব কমপ্লেক্স উদ্বোধন করেন। এ ছাড়াও, তিনি ‘বে ওয়াচ প্রকল্প’-এর কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় সেনা সদর দফতরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা ছাড়াও জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১০ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়াসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইউডি/এজেএস

