অস্কার মঞ্চে ঝড় তুলেছে ‘ওপেনহাইমার’
উত্তরদক্ষিণ । সোমবার, ১১ মার্চ, ২০২৪, আপডেট ১৩:২০
সব অনুমান সত্যি করে অস্কার মঞ্চে ঝড় তুলেছে ‘ওপেনহাইমার’। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার ‘ম্যানহাটন প্রজেক্টের’ প্রধান বিজ্ঞানী জে রবার্ট ওপেনহাইমারকে নিয়ে নির্মিত এ সিনেমা জিতে নিয়েছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৬তম আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার। বাংলাদেশ সময় সোমবার সকালে আমেরিকার লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ছিল ব্রিটিশ নির্মাতা ক্রিস্টোফার নোলানের এ সিনেমার জয়জয়কার।
নোলান পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কার। অভিনেতা কিলিয়ান মার্ফি পেয়েছেন সেরা অভিনেতার অস্কার। এছাড়া পার্শ্ব অভিনেতা শাখায় রবার্ট ডাউনি জুনিয়র জিতে নিয়েছেন বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার।
সেরা চলচ্চিত্র, সেরা নির্মাতা, সেরা অভিনেতা, সেরা পার্শ্ব অভিনেতা ছাড়াও সম্পাদনা, সিনেমাটোগ্রাফি, সেরা মৌলিক সুর মিলিয়ে সাতটি অস্কার জমা হয়েছে ‘ওপেনহাইমার’ এর ঝুলিতে। মনোনয়নে এ সিনেমাটি জায়গা করে নিয়েছিল মোট ১৩ শাখায়।
পুরস্কার হাতে নোলান বলে, “তাদের প্রতি আমার অপার ভালোবাসা, যারা আমার জন্য এখানে আছেন, আমার পুরো ক্যারিয়ারকে গুরুত্ব দিয়েছেন। চলচ্চিত্রের এক অবিশ্বাস্য যাত্রায় পুরো বিশ্ব আমার পাশে দাঁড়িয়েছে স্বজন হয়ে। পুরস্কার হাতে নিয়ে আপ্লুত মার্ফি শুরুতেই ‘আমি অভিভূত’ শব্দটি বলে চুপচাপ দাঁড়িয়ে থাকেন। দর্শক সারিতে তখন নিস্তব্ধতা।
অস্কারে দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার পাওয়া সিনেমা ‘পুওর থিংস’। এ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার গেছে এমা স্টোনের হাতে। ভিক্টোরিয়ান যুগে নারী স্বাধীনতার গল্প নিয়ে ইয়োর্গস লানথিমোস নির্মিত ‘পুওর থিংস’ সিনেমায় এমার অভিনয়ের প্রশংসা ছিল দর্শক-সমালোচকদের মুখে মুখে। সেরা অভিনেত্রী ছাড়াও ‘সেরা নির্দেশনা’, ‘সেরা রূপসজ্জা ও কেশসজ্জা’ এবং ‘সেরা পোশাক পরিকল্পনা’য় পুরস্কার পেয়েছে ‘পুওর থিংস’।
একনজরে পুরস্কার:
সেরা সিনেমা: ওপেনহাইমার
সেরা অভিনেত্রী: এমা স্টোন (পুওর থিংস)
সেরা অভিনেতা: কিলিয়ান মার্ফি (ওপেনহাইমার)
সেরা পরিচালক: ক্রিস্টোফার নোলান (ওপেনহাইমার)
সেরা পার্শ্ব অভিনেত্রী: ডা’ভাইন জয় র্যান্ডলফ (দ্য হোল্ডওভারস)
সেরা পার্শ্ব অভিনেতা: রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহাইমার)
সেরা মৌলিক গান: হোয়াট ওয়াজ আই মেড ফর (বার্বি: বিলি আইলিশ, ফিনিয়াস ও’কনেল)
সেরা মৌলিক সুর: লুদবিগ গোরানসন (ওপেনহাইমার)
সেরা রূপান্তরিত চিত্রনাট্য: আমেরিকান ফিকশন (কোর্ড জেফারসন)
সেরা মৌলিক চিত্রনাট্য: অ্যানাটমি অব আ ফল (জাস্টিন ত্রিয়েত, আর্থার হারারি)
সেরা আন্তর্জাতিক ফিচার: দ্য জোন অব ইন্টারেস্ট (যুক্তরাজ্য)
সেরা অ্যানিমেটেড ফিচার: দ্য বয় অ্যান্ড দ্য হেরন
সেরা প্রামাণ্যচিত্র: টোয়েন্টি ডেইজ ইন মারিওপোল
সেরা সিনেমাটোগ্রাফি: ওপেনহাইমার
সেরা শব্দগ্রহণ: দ্য জোন অব ইন্টারেস্ট
সেরা সম্পাদনা: ওপেনহাইমার
সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: গডজিলা মাইনাস ওয়ান
সেরা পোশাক পরিকল্পনা: পুওর থিংস
সেরা রূপসজ্জা ও কেশসজ্জা: পুওর থিংস
সেরা শিল্প নির্দেশনা: পুওর থিংস
সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ফিল্ম: ওয়ার ইজ ওভার! ইন্সপায়ারড বাই দ্য মিউজিক অফ জন অ্যান্ড ইয়োকো
সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র: দ্য লাস্ট রিপেয়ার শপ
সেরা লাইভ অ্যাকশন শর্ট: দ্য ওয়ান্ডারফুল স্টোরি অব হেনরি সুগার
ইউডি/এজেএস

