তারেক রহমানকে পরিহার না করলে বিএনপির ধ্বংস অনিবার্য: নানক
উত্তরদক্ষিণ । বুধবার, ২০ মার্চ, ২০২৪, আপডেট ১৮:৪০
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বিএনপি নেতাদের উদ্দেশে বলেছেন, লন্ডনে পালিয়ে থাকা তারেক রহমানকে পরিহার করতে না করলে বিএনপির ধ্বংস অনিবার্য। বুধবার (২০ মার্চ) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে এক আলোচনা তিনি একথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে এই আলোচনার সভার আয়োজন করে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
‘আওয়ামী লীগ বিএনপিকে ভাঙার চেষ্টা করছে’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘কোন দল ভাঙ্গে? যে দল আস্ত থাকে সেটা ভাঙা যায়! যে দলটি (বিএনপি) ভাঙা ট্রেনে উঠে গিয়েছে সে দল নিয়ে আওয়ামী লীগ কেন- বাংলার জনগণেরও কোনো মাথাব্যথা নেই।
তিনি বলেন, অনেক রাজনৈতিক দল ভুল রাজনীতির কারণে বিলীন হয়ে গিয়েছে। স্বাধীনতা পরবর্তীতে এমন নজিরও রয়েছে। বিএনপিও সেদিকে যাচ্ছে। যারা নির্বাচন ত্যাগ করেছে, যারা জনগণের রায় মেনে নেয়নি তাদের রাজনৈতিক অবশিষ্ট অংশটুকু বিলীন হয়ে যায়।
দল ভাঙার দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে বিএনপি নেতারা মূলত তাদের নেতৃত্বের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে দাবী করে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, আপনাদের নেতৃত্বের ব্যর্থতা, কাপুরুষতা ঢাকার চেষ্টা করছেন। এসব বলে লন্ডনে থাকা পলাতক তারেক রহমানের ব্যর্থতা ঢেকে রাখতে পারবেন না। তিনি বলেন, লন্ডনের সুতা পরিহার করতে না পারলে বিএনপি দেশের রাজনীতিতে কোনো ভূমিকা রাখতে পারবে না, বিএনপির ধ্বংস অনিবার্য। এদেশের রাজনীতিতে নিজেদের টিকিয়ে রাখতে হলে আওয়ামী লীগকে নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বরং বিএনপিকেই সুষ্ঠু ধারার রাজনীতিতে আসতে হবে।
ইউডি/এজেএস

