দক্ষিণের ৪১ রুটে ঈদে বিশেষ লঞ্চ
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২২ মার্চ, ২০২৪, আপডেট ১৯:১০
ঈদযাত্রায় মানুষের চাপ সামাল দিতে দক্ষিণাঞ্চলের নৌরুটে বিশেষ লঞ্চের ব্যবস্থা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। জানা গেছে, ৬ এপ্রিল ঢাকার সদরঘাট নৌ-টার্মিনাল থেকে বিশেষ লঞ্চ চলাচল শুরু করবে। এজন্য ইতোমধ্যে ১৩০টি লঞ্চ প্রস্তুত রাখা হয়েছে। দক্ষিণাঞ্চলের ৪১টি রুটে এসব লঞ্চ চলাচল করবে। সেই সঙ্গে অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ।
বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক ইসমাইল হোসেন গণমাধ্যমকে বলেন, ‘ঈদে নদীপথে ঘরমুখী মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিতে বিশেষ লঞ্চ চলাচলের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। অগ্রিম টিকিট বিক্রির বিষয়ও সভায় আলোচনা হয়েছে, তবে দিন তারিখ এখনও ঠিক হয়নি। অল্প কিছু দিনের মধ্যে তা জানানো হবে।
বিআইডব্লিউটিএর পিআরও মোবারক হোসেন মজুমদার গণমাধ্যমকে জানান, ঈদের পাঁচ দিন আগে ও পাঁচ দিন পর পর্যন্ত টার্মিনালে লঞ্চের মাধ্যমে কোনো মোটরসাইকেল যাতায়াত করতে পারবে না। এ সময় নদীতে কোনো বাল্কহেড চলতে পারবে না। যাত্রীবাহী লঞ্চ চলাচল করা সব নৌপথে ৬ এপ্রিল থেকে বিশেষ লঞ্চ চলাচল করবে। চাহিদা অনুযায়ী ঈদের পাঁচ দিন পর পর্যন্ত এ বিশেষ লঞ্চ চলবে। আসন্ন ঈদে লঞ্চে যাতায়াতকারীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখানো ও সংরক্ষণ করা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে, কেবিনে যাতায়াতকারীদের এনআইডি সংরক্ষণ করতে লঞ্চমালিক-শ্রমিকদের নির্দেশনা দেওয়া হয়।
ইউডি/এজেএস

