গুলিতে নিহত লিটনের মরদেহ ফেরত দিল বিএসএফ
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, আপডেট ১৪:৩০
লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে নিহত লিটন মিয়ার মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। গত বুধবার (২৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে জেলার হাতিবান্ধা উপজেলার জাওরানি সীমান্তের ৯১২ নম্বর পিলার এলাকা দিয়ে বিজিবি ও পুলিশের নিকট মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ। পরে আইনি প্রক্রিয়া শেষে রাতেই পুলিশ নিহতের পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করে।
লালমনিরহাট ১৫ বিজিবির আওতাধীন জাওরানি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আবুল কাশেম বলেন, দূর্গাপুর সীমান্তে গুলিবিদ্ধ হয়ে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বাংলাদেশি এক যুবক। ওই যুবকের মরদেহ জাওরানি সীমান্ত দিয়ে হস্তান্তর করেছে বিএসএফ। পরে মরদেহ পুলিশের মাধ্যমে নিহতের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
সোমবার দিবাগত রাতে আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী পশ্চিম সীমান্তের ৯২৩ নম্বর পিলারের কাছে ভারতের অভ্যন্তরে গুলির এ ঘটনা ঘটে। লিটন মিয়া দীঘলটারী সাংকারচওড়া গ্রামের মোকছেদুল হকের ছেলে।
পুলিশ জানিয়েছে, সোমবার রাতে ভারতীয় ব্যবসায়ীদের কাছ থেকে গরু আনতে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন একদল গরু পাচারকারী। গরু নিয়ে ফেরার পথে গুলির এ ঘটনা ঘটে।
ইউডি/এআর

