শ্রম আইন লঙ্ঘনের মামলা: ড. ইউনূসের জামিনের মেয়াদ বাড়ল

শ্রম আইন লঙ্ঘনের মামলা: ড. ইউনূসের জামিনের মেয়াদ বাড়ল

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, আপডেট ১৭:১০

শ্রম আইন লঙ্ঘনের মামলায় ছয় মাসের দণ্ড পাওয়া নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ গ্রামীণ টেলিকমের চার শীর্ষ কর্মকর্তার জামিনের মেয়াদ ফের বাড়ানো হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) কাকরাইলে শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান এম এ আউয়াল আগামী ২৩ মে আপিল শুনানির পরবর্তী দিন ধার্য করে ওই দিন পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেন।

ইউনূসসহ চার আসামিই এদিন আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করেন। শুনানি নিয়ে বিচারক স্থায়ী জামিন না দিয়ে সময় বাড়ানোর আদেশ দেন। আদালতে ইউনূসের আইনজীবী হিসেবে ছিলেন আবদুল্লাহ আল মামুন। কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

শুনানিতে আইনজীবী খুরশীদ আলম বলেন, যেহেতু এ বিষয়ে একটি মামলা হাই কোর্টে রিভিশন করা হয়েছিল। সে বিষয়ে রায়ও হয়েছে। রায়ের কপি এখনো পাওয়া যায়নি। তাই এ বিষয়ে আসামিদের স্থায়ী জামিন না দেওয়াটাই ভালো হবে। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের করা মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান মুহাম্মদ ইউনূসসহ চারজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে গত ১ জানুয়ারি রায় দেয় ঢাকার তৃতীয় শ্রম আদালত। সাজাপ্রাপ্ত অপর তিনজন হলেন- গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান, পরিচালক নুর জাহান বেগম ও মো. শাহজাহান।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading