এবার আমরা মশা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি: মেয়র তাপস

এবার আমরা মশা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি: মেয়র তাপস

উত্তরদক্ষিণ । বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, আপডেট ১৫:৪৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মশা নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন মেয়র শেখ ফজলে নূর তাপস। এই অবস্থায় মৌসুম পার করার আশাবাদ ব্যক্ত করেছেন মেয়র।

বুধবার (১৭ এপ্রিল) দুপুরে রাজধানীর পান্থকুঞ্জ পার্ক পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেয়র এই কথা বলেন।

মশা নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন দাবি করে মেয়র বলেন, ‘আমি আগেও বলেছিলাম, ইনশাল্লাহ আমরা মশা নিয়ন্ত্রণে রেখেই মৌসুম শেষ করতে পারব। সেই পরিপ্রেক্ষিতে আমরা আনন্দিত। যদিও কয়েক দিন ছুটি ছিল, তারপরও আপনারা লক্ষ করবেন মশা কিন্তু সেই পরিমাণে বৃদ্ধি হয়নি। কারণ আমাদের কার্যক্রম অব্যাহত ছিল, আমরা ছুটির মধ্যেও কাজ করেছি। যার কারণে আমরা মশক নিয়ন্ত্রণে রাখতে পেরেছি।

তাপস বলেন, ‘তারপরও যদি দুএক জায়গায় বেড়ে যায়, সেগুলোও নজরে আসার সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নেব। একজন কর্মচারী গাফিলতি করতেই পারে কিন্তু আমরা কঠোরভাবে ব্যবস্থা নেই। যার ফলশ্রুতিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মশককর্মীরা অত্যন্ত ভালো কাজ করে চলেছেন।’

বর্ষা মৌসুমে নিজেদের প্রস্তুতির কথা জানিয়ে মেয়র বলেন, ‘একদিনে জলাবদ্ধতা নিরসন, অন্যদিকে এডিস মশার বিস্তার রোধে সব প্রস্তুতিমূলক কার্যক্রম আমরা নিচ্ছি। আমরা মে মাস থেকে ঢাকার অংশীজনদের সঙ্গে মত বিনিময় শুরু করব।’

পান্থকুঞ্জ পার্ক সম্পর্কে মেয়র বলেন, ‘পান্থকুঞ্জ উদ্যান এই এলাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্যান। এটা উন্নয়নের জন্য ২০১৭ সালে মেগা প্রকল্পের আওতায় উদ্যোগ গ্রহণ করা হয়। কিন্তু দুর্ভাগ্যজনক কারণে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এদিক দিয়ে নেওয়ার একটি উদ্যোগ গ্রহণ করা হয়। ফলে এই পার্কের উন্নয়ন কাজটা বন্ধ হয়ে যায়। আমি দায়িত্ব নেওয়ার পরে তাদের সঙ্গে বিভিন্নভাবে আলোচনা করেছি, দেন-দরবার করেছি। আমরা এটা দখলমুক্ত করে কাজ শুরু করেছি। আমরা আশা করছি, জুলাইয়ের আগেই এই কাজ সম্পন্ন করে ঢাকাবাসীর জন্য একটি নান্দনিক একটি উদ্যান উপহার দিতে পারব।’

এ সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আশিকুর রহমান, অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা কায়জার মোহাম্মদ ফারাবী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. খায়রুল বাকের, নির্বাহী প্রকৌশলী ড. সফিউল্লাহ সিদ্দিক ভুঁইয়া ও সাইফুল ইসলাম জয়, স্থানীয় ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ নজরুল ইসলাম বাবুল এবং সংরক্ষিত আসনের কাউন্সিলর নারগিস মাহতাব প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading