উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন শেখ হাসিনা: অর্থমন্ত্রী
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, আপডেট ১৯:০০
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ শুরু করেছেন। তার নেতৃত্বে দেশ সামনের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে।
গত বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে অর্থমন্ত্রী এ মন্তব্য করেন।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্বব্যাংকের স্প্রিং মিটিংয়ে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে অর্থমন্ত্রী মাহমুদ আলী এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
তিনি বলেন, ইতিমধ্যে শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ শুরু করেছেন। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পন্ন করার দায়িত্ব নিয়েছেন এবং তিনি জাতিকে অভিষ্ঠ লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
কিন্তু দেশে স্বাধীনতাবিরোধী শক্তির অস্তিত্ব এখনো বিদ্যমান এবং তারা দেশের চলমান উন্নয়ন বাধাগ্রস্ত করার জন্য ধ্বংসাত্বক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে।
এর আগে অর্থমন্ত্রী দূতাবাসের বঙ্গবন্ধু কর্নারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জানান।
দূতাবাসে পৌঁছালে অর্থমন্ত্রী মাহমুদ আলীকে স্বাগত জানান রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান এবং দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা।
ইউডি/এআর

