মক্কা-মদিনার ছবিযুক্ত জায়নামাজ আমদানি বন্ধের আবেদন নিষ্পত্তির নির্দেশ

মক্কা-মদিনার ছবিযুক্ত জায়নামাজ আমদানি বন্ধের আবেদন নিষ্পত্তির নির্দেশ

উত্তরদক্ষিণ । রবিবার, ২১ এপ্রিল, ২০২৪, আপডেট ১৪:২৫

মক্কা ও মদিনা শরীফের ছবি সম্বলিত জায়নামাজ আমদানি বন্ধ চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে করা আবেদন দ্রুত নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে রবিবার (২১ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. ইলিয়াস আলী মন্ডল ও ব্যারিস্টার শেখ ওমর শরীফ।

আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারীর আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল।

গত ফেব্রুয়ারিতে জায়নামাজে পবিত্র স্থানের ছবি/প্রতিকৃতির ব্যবহার বন্ধ ও আমদানির নির্দেশনা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। রিটে পবিত্র স্থানের ছবি/প্রতিকৃতি ব্যবহার করে জায়নামাজ উৎপাদন ও আমদানি বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে এবং এসব ছবি সম্বলিত জায়নামাজ তৈরি ও আমদানি করা সংক্রান্ত বিষয়ে রুল জারির আর্জি জানানো হয়েছিল।

রিটে আবেদনে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ও শিল্প মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ৩০ জানুয়ারি এ রিট আবেদন করা হয়েছে বলে রিটকারী আইনজীবী ব্যারিস্টার শেখ ওমর শরীফ জানান। তিনি বলেন, জায়নামাজে পবিত্র কাবা শরীফ, মদিনা শরীফ ও আল আকসা মসজিদসহ অন্যান্য পবিত্র স্থানের ছবি/প্রতিকৃতি ব্যবহার করলে তা পদদলিত হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়। তাই এই ধরনের ছবিযুক্ত জায়নামাজের বিক্রয়, আমদানি ও উৎপাদন বন্ধের নির্দেশনা চেয়ে দৈনিক আল ইহসান পত্রিকার সাংবাদিক মুহম্মদ আরিফুর রহমান রিট আবেদন করেন।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading