এই তাপপ্রবাহে আওয়ামী লীগ নিশ্চুপ বসে আছে কেন, প্রশ্ন ফারুকের
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, আপডেট ১৪:১৫
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, সরকারকে বলবো পদত্যাগ করুন, দেশের মানুষকে বাঁচান। লুট করবেন আপনারা, দুর্নীতি করবেন আপনারা আর তার প্রভাব সাধারণ জনগণের ওপর পড়বে এটা হতে পারে না। গত ১৫ বছরের অন্যায় অত্যাচারের মধ্য দিয়ে এই সরকার ক্ষমতায় আছে। বিনা কারণে দেশের অনেক মানুষকে গুম করেছে খুন করেছে, অন্যায়ভাবে গ্রেপ্তার নির্যাতন করেছে। এই তাপপ্রবাহে আওয়ামী লীগ নিশ্চুপ বসে আছে কেন?
মঙ্গলবার (৩০ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরাম আয়োজিত সারা দেশে চলমান তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, আপনারা তো এসি ব্যবহার করে ঘরে বসে আছেন। সাধারণ জনগণের কথা একটু ভাবুন। স্কুল কলেজ বন্ধ করবেন শিক্ষামন্ত্রী, কিন্তু সেই স্কুল কলেজ বন্ধ করতে হয় আদালতকে। এই শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। শিক্ষামন্ত্রী কেন স্কুল খোলা রেখেছেন তার বিরুদ্ধে মামলা করা উচিত।
বিএনপির সহ তথ্য বিষয়ক সম্পাদক সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী বলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্য এই ফ্যাসিবাদী সরকার জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। শিক্ষামন্ত্রী যে বক্তব্য দিয়েছেন কোনও সুস্থ মস্তিষ্কের লোক এ ধরনের বক্তব্য দিতে পারে না। তাকে বিকৃত মস্তিষ্কের লোক বলে মনে করি আমরা। এই প্রচণ্ড তাপপ্রবাহে সরকার সাধারণ জনগণের পাশে এগিয়ে আসেনি। এই সরকার জনবিরোধী সরকার। সারা দেশের মানুষকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করছি।
সংগঠনের সভাপতি মনজুর রহমান ভ‚ঁইয়ার সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ আজাদ সিদ্দিকী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাওলানা নেসার উদ্দিনসহ অনেকে।
ইউডি/এজেএস

