আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জেতানো কোচ মেনোত্তি আর নেই
উত্তরদক্ষিণ । সোমবার, ০৬ মে, ২০২৪, আপডেট ১৩:৪০
আর্জেন্টিনাকে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরার মাহেন্দ্রক্ষণ এনে দিয়েছিলেন তিনি। তার কোচিংয়ে যুব বিশ্বকাপেও (অনূর্ধ্ব-২০) চ্যাম্পিয়ন হয়েছিল আলবিসেলেস্তেরা। প্রয়াত মহাতারকা দিয়েগো ম্যারাডোনার জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছিল তার হাত ধরেই। সেই কিংবদন্তি আর্জেন্টাইন কোচ সেজার লুইস মেনোত্তি মারা গেছেন।
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) সোমবার মেনোত্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন অত্যন্ত দুঃখের সঙ্গে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী সাবেক কোচ সেজার লুইস মেনোত্তির মৃত্যুর খবর জানিয়ে শোক প্রকাশ করেছে।’
মৃত্যুকালে মেনোত্তির বয়স হয়েছিল ৮৫ বছর। রক্তস্বল্পতাসহ নানা শারীরিক জটিলতা নিয়ে মাসখানেক ধরে হাসপাতালে ছিলেন এক সময়ের তুখোড় ধূমপায়ী মেনোত্তি। বিভিন্ন ধরনের রোগের সঙ্গে অনেক দিন ধরে লড়াই করতে থাকায় ছিলেন প্রায় লোকচক্ষুর অন্তরালে। এবার চিরতরে নিলেন বিদায়।
ইউডি/এআর

