জিম্বাবুয়ে সিরিজ বিশ্বকাপের প্রস্তুতি নয়: পাপন
উত্তরদক্ষিণ । সোমবার, ০৬ মে, ২০২৪, আপডেট ১৯:৪৫
আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। এই টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। যার প্রথম দুটিতে তেমন কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি জিম্বাবুয়ে। এত বড় টুর্নামেন্টের আগে তাদের বিপক্ষে খেলে প্রস্তুতি নেওয়া প্রসঙ্গে নানা আলোচনা-সমালোচনা হচ্ছে।
যদিও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলছেন, বিশ্বকাপের প্রস্তুতি নয় এমন সিরিজ। বিশ্বকাপের আগে আমেরিকার বিপক্ষেও সিরিজ খেলবে বাংলাদেশ। সোমবার (০৬ মে) মিরপুরে তিনি বলেন, আমি এটাকে প্রস্তুতি হিসেবে দেখি না। উদাহরণ হিসেবে, জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজটা বিশ্বকাপের প্রস্তুতি না। এটা আমাদের এফটিপির খেলা। আমি কি এফটিপির খেলায় ওদেরকে পয়েন্ট দিয়ে দেব? এটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নাই।
তিনি বলেন, আমরা ইউএসএতে খেলাতে চাচ্ছি ওদের কন্ডিশন, উইকেট সবকিছুর সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য। আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আগেই আমাদের এটা শেষ করা উচিত ছিল। আপনি যদি প্রস্তুতির কথা বলেন, দুই সপ্তাহ আগে প্রস্তুতির কিছু নেই। যা করার তা আগেই শুরু করার কথা ছিল। এবারের বিশ্বকাপের আগে খুব বেশি আশার কথাও শোনা যাচ্ছে না। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও জানিয়ে দিয়েছেন, খুব বড় আশা না করতে। যদিও ভালো কিছুর আশা ছাড়ছেন না পাপন।
ইউডি/এজেএস

