মধ্য মে থেকে আবারও গরম বাড়বে, বলছে আবহাওয়া অধিদপ্তর
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১০ মে, ২০২৪, আপডেট ১৯:৩৫
দাবদাহের পর কয়েক দিনের বৃষ্টিতে দেশজুড়ে তাপমাত্রা কমায় জনজীবনে যে স্বস্তি এসেছিল, তা ক্ষণস্থায়ী হতে চলেছে। সামনের কয়েকদিনে দেশের বৃষ্টির প্রবণতা কমতে থাকবে এবং মধ্য মে থেকে গরম বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এ বিষয়ে আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা গণমাধ্যমকে বলেন, এখন বৃষ্টির প্রবণতা অনেকটা কমে গেছে। এটা আরও কমে যাবে। ১৫ তারিখের পর গরম বাড়বে।’ এরপর তাপপ্রবাহ আসবে কি না বা এলে তা কেমন হবে-এ বিষয়ে তিনি বলেন, এপ্রিলের মতো এমন তাপপ্রবাহ থাকবে না, তবে গরম থাকবে। আরও এক-দুই দিন পর প্রকৃত অবস্থা বোঝা যাবে।
আর আগে গত ২ মে এক মাসমেয়াদী জলবায়ুর পূর্বাভাসে বলা হয়, মে মাসে দেশের কোথাও কোথাও ১-৩টি মৃদু (৩৬-৩৮ সেলসিয়াস)/ মাঝারি (৩৮-৪০ সেলসিয়াস) এবং ১-২টি তীব্র (৪০ ডিগ্রি.) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। পূর্বাভাসে বলা হয়, সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে দেশে ৩-৫ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা ধরনের কালবৈশাখী ঝড় এবং ২-৩ দিন বজ্র ও শিলা বৃষ্টিসহ মাঝারি/তীব্র কালবৈশাবী ঝড় হত পারে।
ইউডি/এজেএস

