নৌপথে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ নৌ প্রতিমন্ত্রীর
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, আপডেট ১৬:২০
যাত্রীসেবার ক্ষেত্রে সরকার আন্তরিক। বিশৃঙ্খলা তৈরি করে সরকারের বা আমাদের সংস্থাগুলোর ভাবমূর্তি নষ্ট করতে চায়। সে কারণে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (২৩ মে) নৌপরিবহন মন্ত্রণালয়ে পবিত্র ঈদ-উল-আজহা-২০২৪ উপলক্ষ্যে নৌপথে ফেরি,স্টিমার, লঞ্চসহ জলযান সুষ্ঠুভাবে চলাচল এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, ঈদুল আজহা উপলক্ষে নৌরুটের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১৩ থেকে ২৩ জুন ১১ দিন সব নৌরুটে বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। আগের মতোই কাজীরহাট, পাটুরিয়াঘাটে ফেরি সংখ্যা বাড়ানো হবে। কিছু রুটে বাড়ানো হবে লঞ্চের সংখ্যাও। ঈদের আগে ৩ দিন ও পরের ৩ দিন মিলে ৭দিন পশুবাহী ও পঁচনশীল পণ্যবাহী ট্রাক ব্যতীত সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ থাকবে।
প্রতিমন্ত্রী বলেন, গতবার (ঈদ উল ফিতর) ঈদযাত্রা নিরাপদ হয়েছে। সকল পথে নিরাপদে যাত্রীরা বাড়ি ফিরতে পেরেছে। পরিবারের সাথে আনন্দময় ঈদ করেছে। এবারও যাতে ঈদ আনন্দময় ও নিরাপদ হয়, সে ব্যবস্থা নেয়া হয়েছে। যাত্রীসহ নৌপথে কোরবানির পশু পরিবহন নিরাপদ করার জন্য সবাই একযোগে কাজ করছে। দেশবিরোধী, আইনবিরোধী কিছু মানুষ নৌপথের ক্ষেত্রেও আছে। তারা আবহাওয়া অফিস থেকে জানিয়েছে যে , এবারের ঈদ মৌসুমে আবহাওয়া ঝুঁকিপূর্ণ। যারা যাত্রী পারাপার ও পণ্য পারাপার করবেন, তারা আবহাওয়া বার্তাগুলো সঠিকভাবে পালন করবেন।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: মোস্তফা কামাল এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
ইউডি/কেএস

