সেন্টমার্টিনে ভোটগ্রহণ স্থগিত

সেন্টমার্টিনে ভোটগ্রহণ স্থগিত

উত্তরদক্ষিণ । বুধবার, ২৯ মে, ২০২৪, আপডেট ১২:২০

কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে সেন্টমার্টিন ইউনিয়নে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও সাগর উত্তাল থাকার কারণে একমাত্র কেন্দ্রে সরঞ্জাম পাঠানো সম্ভব হয়নি। যে কারণে দ্বীপের ৬০ নম্বর জিনজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) রাতে নির্বাচন কমিশনের (পরিচালক-২) উপসচিব মো. মিজানুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে উপজেলাটির অন্য ৫৯টি কেন্দ্রে আজ বুধবার ভোটগ্রহণ চলছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকার কারণে তৃতীয় দফার উপজেলা পরিষদের নির্বাচনে টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়নের ভোটকেন্দ্রে সব পদের জন্য ভোটগ্রহণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।

তৃতীয় ধাপের তফসিল অনুযায়ী, আজ টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। উপজেলাটির ৬০টি কেন্দ্রে ভোটগ্রহণ করার কথা ছিল। একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত হওয়ায় বাকি ৫৯টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

চট্টগ্রামের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন পাটওয়ারী বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভোটের সরঞ্জাম দ্বীপটিতে পাঠানো যায়নি। ভোটগ্রহণের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারাও সেখানে পৌঁছাতে পারেননি। তাই কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এবারই প্রথম পুরো উপজেলায় ইভিএমের মাধ্যমে ভোট হচ্ছে।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, সেন্টমার্টিনের একমাত্র ভোটকেন্দ্র ৬০ নম্বর জিনজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ কেন্দ্রের মোট ভোটার ৩ হাজার ৭১৩ জন। পুরুষ ভোটার ১ হাজার ৮৫৮ এবং নারী ভোটার ১ হাজার ৮৫৫।

অন্যদিকে, টেকনাফ উপজেলার ৬০টি ভোটকেন্দ্রে মোট ভোটার ১ লাখ ৮০ হাজার ৪২০ ভোটার। তাদের মধ্যে পুরুষ ভোটার ৯১ হাজার ৮৮০, নারী ভোটার ৮৮ হাজার ৫৩৮। টেকনাফ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন করে মোট ৯ জন প্রার্থী আছেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading