আজিজ-বেনজীরকে সরকার প্রটেকশন দেবে না : সালমান এফ রহমান

আজিজ-বেনজীরকে সরকার প্রটেকশন দেবে না : সালমান এফ রহমান

উত্তরদক্ষিণ । বুধবার, ২৯ মে, ২০২৪, আপডেট ১৪:০০

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সরকার প্রটেকশন (সুরক্ষা) দেবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, ‘সরকার তাদের কাউকে প্রটেকশন দেবে না। আইন নিজের গতিতে চলবে। অপরাধ করলে শাস্তি পাবে।’

আজ বুধবার (২৯ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সালমান এফ রহমন। এর আগে কল-কারখানা, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে দুর্ঘটনারোধ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে গঠিত জাতীয় কমিটির সভায় তিনি সভাপতিত্ব করেন।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদকে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা আর ব্যাপক দুর্নীতির অভিযোগে দুদকের জালে সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদ। এসব ঘটনায় সরকার বিব্রত কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সালমান এফ রহমান বলেন, ‘আমাদের দলের সাধারণ সম্পাদক স্পষ্টভাবে বলেছেন, কেউ যদি আইন ভঙ্গ করে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইন নিজের গতিতে চলবে। অপরাধীরা যত প্রভাবশালীই হোক না কেন, সরকার তাদের কোনো রকম প্রটেকশন দেবে না।’

ইন্ডিয়াতে সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার বিষয়ে জানতে চাইলে সালমান এফ রহমান বলেন, ‘আমরা সবাই কিন্তু এটা নিয়ে খুবই মর্মাহত। ঘটনাটি এখনও তদন্তাধীন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।’

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading