ঈদে বিমানবন্দর স্টেশনে দাঁড়াবে না পশ্চিমাঞ্চলের কোনো ট্রেন

ঈদে বিমানবন্দর স্টেশনে দাঁড়াবে না পশ্চিমাঞ্চলের কোনো ট্রেন

উত্তরদক্ষিণ । শুক্রবার, ৩১ মে, ২০২৪, আপডেট ১৩:৪৫

আসন্ন ঈদুল আজহায় ট্রেনের সময়ানুবর্তিতা বজায় রাখা এবং শিডিউল বিপর্যয় নিরসনে ঢাকাগামী পশ্চিমাঞ্চলের সব ট্রেনের বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে।

এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী।

তিনি বলেন, ঈদ যাত্রা শুরুর দিন ১২ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি থাকবে না। অন্যদিকে সুন্দরবন, মধুমতি, বেনাপোল এক্সপ্রেস, নকশীকাঁথা ও চন্দনা কমিউটার ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশনের শহরতলি প্লাটফরম থেকে যাত্রা আরম্ভ করবে।

রেলওয়ের মহাপরিচালক বলেন, বিনা টিকিটের যাত্রী প্রতিরোধে ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ সব বড় বড় স্টেশনে জিআরপি, আরএনবি, বিজিবি ও স্থানীয় পুলিশ এবং র‍্যাবের সহযোগিতায় টিকিটবিহীন যাত্রী স্টেশনে প্রবেশের প্রতিরোধে সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করা হবে। তা ছাড়া, জেলা প্রশাসকদের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

তিনি বলেন, নাশকতা প্রতিরোধে চলন্ত ট্রেনে, স্টেশনে বা রেললাইনে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধকল্পে আরএনবি, জিআরপি ও রেলওয়ে কর্মচারীদের কার্যক্রম আরও জোরদার করা হবে। এ ছাড়া র‍্যাব, বিজিবি, স্থানীয় পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় সহযোগিতায় নাশকতাকারীদের কঠোরভাবে দমন করা হবে।

টিকিটধারী যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ঈদের আগে ১২ জুন থেকে জয়দেবপুর ও বিমানবন্দর স্টেশন থেকে ঢাকামুখী এবং ঢাকা স্টেশন থেকে বিমানবন্দর ও জয়দেবপুরগামী আন্তঃজোনাল আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না। এছাড়া, ঈদের ১০ দিন আগে এবং ঈদের পরে ১০ দিন পর্যন্ত ট্রেনে সেলুনকার সংযোজন করা হবে না।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম, উপসচিব মো. তৌফিক ইমাম, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) মো. আরিফুজ্জামান, (রোলিং স্টক) পার্থ সরকার, (অপারেশন) এ এম সালাহ উদ্দীন প্রমুখ।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading