একক সংখ্যাগরিষ্ঠতা না-ও পেতে পারে মোদির বিজেপি

একক সংখ্যাগরিষ্ঠতা না-ও পেতে পারে মোদির বিজেপি
ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৪ জুন, ২০২৪, আপডেট ১৪:২৫

ইন্ডিয়ার লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে (ইন্ডিয়ান সময় ৮টা) এই ভোট গণনা শুরু হয়। ইতিমধ্যে তিন ঘণ্টা পারও হয়ে গেছে। তবে এবারের নির্বাচনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমতাসীন বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না-ও পেতে পারে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এবারের নির্বাচনে নরেন্দ্র মোদি ৫৪৩ আসনের মধ্যে নিজ দল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের জন্য ৪০০টির বেশি আসনের লক্ষ্য নির্ধারণ করেছিলেন। নির্বাচন পরবর্তী বিভিন্ন ভোট ফেরত জরিপেও এমন পূর্বাভাস দেয়া হয়েছিল।

তবে নির্বাচনী প্রাথমিক ফলাফল যে পথে সামনে অগ্রসর হচ্ছে সে অনুযায়ী কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট এনডিএ জোটকে ভালোই টেক্কা দিচ্ছে। ফলে সরকার গঠনে প্রয়োজনীয় ২৭২টি আসন বিজেপি একাই দখলে নিতে পারবে কিনা, তা নিয়ে গুঞ্জন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। দুই জোটের মধ্যে ৬০ থেকে ৭০টি আসনের ব্যবধান হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত ১৬ মার্চ লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছিল ইন্ডিয়ার নির্বাচন কমিশন। প্রথম দফার নির্বাচন হয় ১৯ এপ্রিল। সেই থেকে ১ জুন পর্যন্ত মোট সাত দফায় ইন্ডিয়ার ৫৪৩ লোকসভার আসনে ভোট নেয়া হয়েছে। এবারের নির্বাচনে প্রায় ৬৫ কোটি ইন্ডিয়ার ভোটার ভোট দিয়েছেন। আজ মঙ্গলবার সকাল থেকে ভোট গণনা শুরু হয়েছে। মধ্যরাতের মধ্যে সম্পূর্ণ ফলাফল আসবে বলে আশা করা হচ্ছে।

প্রাথমিক ফল অনুযায়ী, ক্ষমতাসীন এনডিএ জোট ২৮৯টি আসনে এগিয়ে রয়েছে। ২৭২টি আসন হলেই ইন্ডিয়াতে সরকার গঠন করা যায়। অন্যদিকে বিরোধী দলগুলোর সমন্বয়ে গঠিত জোট ইন্ডিয়া ২২৩ এবং অন্যান্য প্রার্থীরা ৩১টি আসনে এগিয়ে রয়েছে।

এ নির্বাচনে ইতিহাস গড়ে তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদি ইন্ডিয়ার ক্ষমতায় আসতে চাইছেন। বেশ কয়েকটি ভোট ফেরত জরিপে আবারও মোদির সরকার গঠনের কথা বলা হলেও হাল না ছাড়ার ঘোষণা দিয়েছেন বিরোধী দলের নেতারা।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading